৪৭ হাজার বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন, মৃত্যু বেড়ে ১০ জন

ঢাকা, ৬ মে – পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ১২০টি হজ ফ্লাইটে ৪৭ হাজার ৪০ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। বুধবার সকালে হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে। মোট হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪২ হাজার ৯৬৯ জন সৌদি আরব গিয়েছেন। সর্বশেষ তথ্য অনুযায়ী, হজে গিয়ে এ পর্যন্ত ১০ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে।
তাদের মধ্যে মক্কায় ৮ জন এবং মদিনায় ২ জন মারা গেছেন। নিহতদের মধ্যে ২ জন নারী রয়েছেন। ফ্লাইটের পরিসংখ্যানে দেখা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৫৫টি ফ্লাইটে ২২ হাজার ৩৮ জন, সৌদি এয়ারলাইনসের ৪৪টি ফ্লাইটে ১৬ হাজার ৫০৮ জন এবং ফ্লাইনাসের ২১টি ফ্লাইটে ৮ হাজার ৪৯৪ জন যাত্রী পরিবহন করা হয়েছে।
এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের অনুমতি পেয়েছেন। এই কার্যক্রম পরিচালনায় ৬৬০টি এজেন্সি যুক্ত রয়েছে। এর মধ্যে ৩০টি প্রধান ও ৬৩০টি সমন্বয়কারী এজেন্সি কাজ করছে। হজ অফিসের তথ্য অনুযায়ী, সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় যথাক্রমে ৪ হাজার ৫৬৫ জন ও ৭৩ হাজার ৯৩৫ জন হজ পালন করবেন।
গত ১৭ এপ্রিল রাতে ৪১৯ জন হজযাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইটটি জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে। প্রধানমন্ত্রী তারেক রহমান এই ফ্লাইটের উদ্বোধন করেছিলেন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। হজ শেষে ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হয়ে আগামী ৩০ জুন পর্যন্ত কার্যক্রম অব্যাহত থাকবে।
এস এম/ ৬ মে ২০২৬









