ইরানকে হুঁশিয়ারি দিলেও যুদ্ধে জড়াতে চায় না যুক্তরাষ্ট্র

ওয়াশিংটন, ৫ মে – ইরানকে কঠোর হুঁশিয়ারি দিলেও তেহরানের সঙ্গে সরাসরি কোনো যুদ্ধে জড়ানোর অভিপ্রায় নেই বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। পেন্টাগনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে হরমুজ প্রণালির ওপর ইরানের অবৈধ নিয়ন্ত্রণ অবসান ঘটাতেই মার্কিন সামরিক বাহিনী প্রজেক্ট ফ্রিডম নামক বিশেষ নৌ অভিযান পরিচালনা করছে।
হেগসেথ জোর দিয়ে বলেন এই অভিযানের উদ্দেশ্য কোনো উসকানি নয় বরং আন্তর্জাতিক সমুদ্রসীমায় জাহাজ চলাচলের নিরাপত্তা সুনিশ্চিত করা। মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর মতে পারস্য উপসাগরে ইরানের ক্রমবর্ধমান আগ্রাসন থেকে বাণিজ্যিক জাহাজগুলোকে রক্ষা করাই বর্তমান ওয়াশিংটন প্রশাসনের প্রধান লক্ষ্য।
তিনি আরও স্পষ্ট করেন যে হরমুজ প্রণালি উন্মুক্ত রাখার এই প্রক্রিয়ায় মার্কিন বাহিনীকে ইরানের আকাশসীমা বা জলসীমায় প্রবেশ করার কোনো প্রয়োজন হবে না। ইরান দীর্ঘ সময় ধরে এই গুরুত্বপূর্ণ নৌপথের ওপর নিজেদের একচ্ছত্র আধিপত্য দাবি করে আসলেও মার্কিন প্রশাসন সেই দাবি প্রত্যাখ্যান করেছে। হেগসেথ জানান আমরা কোনো ধরনের সংঘাত চাচ্ছি না তবে এই প্রণালির মুক্ত প্রবাহ বজায় রাখতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।
এস এম/ ৫ মে ২০২৬









