মধ্যপ্রাচ্য

চীন সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী: লক্ষ্য মধ্যপ্রাচ্য পরিস্থিতি ও দ্বিপাক্ষিক সম্পর্ক

তেহরান, ৫ মে – চলমান যুদ্ধ পরিস্থিতি ও দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনার লক্ষ্যে চীন সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কূটনৈতিক সফরের উদ্দেশ্যে মঙ্গলবারই তাঁর বেইজিংয়ের পথে রওয়ানা দেওয়ার কথা রয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সফরকালে আরাগচি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে একটি বিশেষ বৈঠকে মিলিত হবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রকাশিত এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানানো হয় যে, এই সফরে দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি বর্তমান আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি এবং চলমান যুদ্ধ নিয়ে বিস্তারিত আলোচনা করবেন দুই দেশের প্রতিনিধিরা। বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তজনা চরম পর্যায়ে অবস্থান করছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানের ওপর সামরিক হামলা চালানোর পর পরিস্থিতির অবনতি ঘটে। ইরানও পাল্টা পদক্ষেপ হিসেবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে থাকা বিভিন্ন মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায়। একই সঙ্গে বিশ্ব জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হয়। সংঘাতের তীব্রতা বাড়তে থাকলে গত ৮ এপ্রিল সাময়িকভাবে যুদ্ধবিরতিতে রাজি হয় যুক্তরাষ্ট্র ও ইরান।

এরই ধারাবাহিকতায় ১১ এপ্রিল পাকিস্তানের ইসলামাবাদে দুই দেশের প্রতিনিধিরা আলোচনায় বসলেও শেষ পর্যন্ত কোনো চূড়ান্ত শান্তি চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয় ওয়াশিংটন ও তেহরান। এই বিশেষ প্রেক্ষাপটে চীনের ভূমিকা আন্তর্জাতিক মহলে গুরুত্বের সঙ্গে বিবেচিত হচ্ছে। দীর্ঘদিন ধরে বেইজিং অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি অনুসরণ করে আসছে।

একই সঙ্গে বিবাদে জড়িত বিভিন্ন পক্ষের সঙ্গে তারা কার্যকর সম্পর্ক বজায় রাখতে সক্ষম। এর ফলে বর্তমান সংকটে বেইজিং একটি শক্তিশালী মধ্যস্থতাকারী হিসেবে আবির্ভূত হওয়ার সুযোগ পাচ্ছে। বিশ্লেষকদের মতে, আরাগচির এই সফর কেবল দ্বিপাক্ষিক উন্নয়নের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। এটি চলমান সংঘাত নিরসনে চীনের সক্রিয় কূটনৈতিক ভূমিকার পথ আরও প্রশস্ত করতে পারে। পশ্চিমা বিশ্বের মধ্যস্থতা যখন কাঙ্ক্ষিত ফলাফল আনতে ব্যর্থ হচ্ছে, তখন বেইজিংয়ের এই উদ্যোগ আলোচনার নতুন ক্ষেত্র তৈরি করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এস এম/ ৫ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language