উত্তর আমেরিকা

জব্দকৃত ইরানি জাহাজের ২২ নাবিককে পাকিস্তানে পাঠাল যুক্তরাষ্ট্র

ওয়াশিংটন, ৪ মে – ওমান উপসাগর থেকে জব্দ করা ইরানের পতাকাবাহী জাহাজ এমভি তুসকার ২২ জন নাবিককে পাকিস্তানে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। সেখান থেকে তারা পরবর্তীতে নিজ দেশে ফিরে যাবেন বলে জানা গেছে। সোমবার ইরান যুদ্ধের দায়িত্বপ্রাপ্ত মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের বা সেন্টকমের একজন মুখপাত্র এই তথ্য নিশ্চিত করেছেন।

গত ২০ এপ্রিল এমভি তুসকা নামের ইরানি কনটেইনারবাহী জাহাজটি জব্দ করেছিল মার্কিন বাহিনী। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছিল যে ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত নৌ অবরোধ ভঙ্গ করার কারণে জাহাজটিকে আটক করা হয়েছে। অন্যদিকে তেহরান এই ঘটনাকে জলদস্যুতা হিসেবে আখ্যায়িত করেছে।

সেন্টকমের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স জানান যে ২২ জন নাবিককে পাকিস্তানে হস্তান্তরের কাজ মার্কিন বাহিনী সম্পন্ন করেছে এবং তাদের ইরানে প্রত্যাবাসন করা হবে।

এর আগে গত সপ্তাহে জাহাজটিতে থাকা আরও ছয়জনকে একটি আঞ্চলিক দেশের হাতে তুলে দেওয়া হয়েছিল। ধারণা করা হচ্ছে ওই ছয়জন নাবিকদের পরিবারের সদস্য ছিলেন। আল জাজিরার সূত্র অনুসারে এই পুরো প্রক্রিয়াটি সোমবার সম্পন্ন হয়।

এস এম/ ৪ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language