বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে উৎপাদন শুরু

দিনাজপুর, ১ মে – টানা ছয় দিন বন্ধ থাকার পর দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে আবারও বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। বয়লারের পাইপ ফেটে যাওয়ায় গত ২৫ এপ্রিল এই ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে গিয়েছিল।
শুক্রবার ভোর সাড়ে চারটার দিকে ১২৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন এই ইউনিটটি পুনরায় চালু করা হয়।
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের সহকারী প্রধান প্রকৌশলী মোহসিনুল ফিরোজ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান বর্তমানে মেরামত শেষে ইউনিটটি থেকে প্রায় ৫৫ থেকে ৬০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে।
কেন্দ্রটির তিনটি ইউনিটের মোট উৎপাদন ক্ষমতা ৫২৫ মেগাওয়াট। এর মধ্যে প্রথম ও দ্বিতীয় ইউনিটের ক্ষমতা ১২৫ মেগাওয়াট করে এবং তৃতীয় ইউনিটের ক্ষমতা ২৭৫ মেগাওয়াট। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে পার্বতীপুর বড়পুকুরিয়া কয়লাখনির জ্বালানি ব্যবহারের লক্ষ্যে ২০০৬ সালে এই কেন্দ্রটি স্থাপন করা হয়। তবে যান্ত্রিক গোলযোগের কারণে প্রায়ই কেন্দ্রের উৎপাদন ব্যাহত হয়। বর্তমানে ২৭৫ মেগাওয়াট ক্ষমতার ৩ নম্বর ইউনিটে ওভারহোলিংয়ের কাজ চলছে।
চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানের বরাত দিয়ে কর্তৃপক্ষ জানিয়েছে যে আগামী ১৫ মের মধ্যে এই ইউনিটটিও উৎপাদনে ফিরতে পারে। এতে উত্তরাঞ্চলের বিদ্যুৎ পরিস্থিতির আরও উন্নতি হবে বলে আশা করা হচ্ছে।
এর আগে কেন্দ্রটির উৎপাদন বন্ধ থাকায় দিনাজপুরসহ উত্তরের জেলাগুলোতে বিদ্যুৎ সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটেছিল।
এনএন/ ১ মে ২০২৬









