শ্রমিকের অধিকার ও কল্যাণ নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: মাহদী আমিন

ঢাকা, ১ মে – শ্রমিকের অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন। তিনি উল্লেখ করেন যে, বাংলাদেশ ইতোমধ্যেই আন্তর্জাতিক শ্রম সংস্থা বা আইএলও এর ৩৯টি কনভেনশন ও একটি প্রোটোকল অনুস্বাক্ষর করেছে। আন্তর্জাতিক মান বজায় রেখে শ্রমিকদের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করা সরকারের অন্যতম লক্ষ্য। শুক্রবার রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে মহান মে দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মাহদী আমিন জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় শ্রমিকদের জীবনমান উন্নয়নে সময়মতো বেতন ও ভাতা প্রদান, মজুরি পর্যালোচনা এবং নারী পুরুষ সমান মজুরি নিশ্চিত করতে কাজ চলছে। এছাড়া প্রবাসী শ্রমিকদের সুরক্ষায় প্রবাসী কার্ড চালুর উদ্যোগ গ্রহণ করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। বক্তব্যে তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করে বলেন, তিনি বিশ্বাস করতেন শ্রমিকের হাতই রাষ্ট্র ও সমাজের উন্নয়নের মূল শক্তি।
বিশেষ করে মধ্যপ্রাচ্যে প্রবাসী শ্রমবাজার সৃষ্টির মাধ্যমে তিনি বাংলাদেশের অর্থনীতিতে যে শক্তিশালী ভিত্তি তৈরি করেছিলেন, তা আজও অগ্রণী ভূমিকা পালন করছে। উপদেষ্টা আরও বলেন, বিএনপি সরকার রাষ্ট্র পরিচালনার সময় শ্রম আইন সংস্কার, মজুরি কমিশন গঠন এবং পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণসহ নানা কল্যাণমূলক কাজ করেছে।
শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন গঠন এবং শ্রমিক পরিবারের চিকিৎসা ও শিক্ষা নিশ্চিত করার মাধ্যমে তাদের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। বর্তমান গণতান্ত্রিক সরকারও শ্রমবান্ধব নীতি ও কর্মসংস্থান সম্প্রসারণের মাধ্যমে শ্রমজীবী মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করে যাচ্ছে।
এস এম/ ১ মে ২০২৬









