নারায়নগঞ্জ

নারায়ণগঞ্জে কাঁচপুর সেতুর নিচ থেকে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার

নারায়ণগঞ্জ, ১ মে – নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কাঁচপুর সেতুর পিলারের খাদ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাব-১১। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে সেতুর পশ্চিম পাশে বালুরগদি সংলগ্ন এলাকায় এই অভিযান চালানো হয়। উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে ৬টি ওয়ান শুটার গান, ১টি শর্টগানের গুলি এবং অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম। র‍্যাব সূত্র জানায়, একটি প্লাস্টিকের ব্যাগে পরিত্যক্ত অবস্থায় এসব সামগ্রী পড়ে ছিল।

রাত্রিকালীন টহলের সময় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে পিলারের গর্ত থেকে ব্যাগটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জাম জব্দ করে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-১১ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক জানান, অবৈধ অস্ত্র উদ্ধারে তাদের এই ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। কোথাও কোনো অপরাধমূলক কর্মকাণ্ড বা অবৈধ অস্ত্রের তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এস এম/ ১ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language