৪ মে দেশে আসছে যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ

ঢাকা, ৩০ এপ্রিল – যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ আগামী ৪ মে ঢাকায় পৌঁছাবে। ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান যে লিমনের মরদেহ বহনকারী বিমানটি ৪ মে সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকায় অবতরণ করবে।
এর আগে গত ৩০ এপ্রিল বৃহস্পতিবার ফ্লোরিডার টাম্পা বে এলাকার ইসলামিক সোসাইটিতে লিমনের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। প্রায় ১০ দিন নিখোঁজ থাকার পর গত ২৪ এপ্রিল শুক্রবার পুলিশ লিমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে। লিমন ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। লিমনের পাশাপাশি নাহিদা সুলতানা বৃষ্টি নামের আরেক বাংলাদেশি শিক্ষার্থী নিখোঁজ হন এবং পরে পুলিশ তার মরদেহের অংশবিশেষ উদ্ধার করে।
২৬ এপ্রিল ফ্লোরিডার একটি জলাশয় থেকে বৃষ্টির দেহের অংশ উদ্ধার করা হয়। এই জোড়া খুনের ঘটনায় লিমনের রুমমেট ২৪ বছর বয়সী মার্কিন তরুণ হিশাম সালেহ আবুঘরবেহকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত ওই তরুণের বিরুদ্ধে প্রথম শ্রেণির হত্যার অভিযোগসহ বেশ কয়েকটি মামলা দায়ের করা হয়েছে।
এস এম/ ৩০ এপ্রিল ২০২৬









