জাতীয়

সাত জেলায় বজ্রপাতে ১২ জনের মৃত্যু, পটুয়াখালীতে ঝরল চার প্রাণ

ঢাকা, ২৯ এপ্রিল – দেশের সাতটি জেলায় বজ্রপাতে অন্তত ১২ জনের প্রাণহানির সংবাদ পাওয়া গেছে। বুধবার দিনের বিভিন্ন সময়ে পটুয়াখালী, জামালপুর, বরগুনা, ময়মনসিংহ, বাগেরহাট, রংপুর ও রাজবাড়ী জেলায় এসব মৃত্যুর ঘটনা ঘটে।

বজ্রপাতের পৃথক ঘটনায় বেশ কয়েকজন আহত হওয়ার পাশাপাশি বিপুল পরিমাণ গবাদি পশুরও ক্ষয়ক্ষতি হয়েছে।

পটুয়াখালীতে কালবৈশাখী ঝড়ের সময় বজ্রপাতে সবচেয়ে বেশি চারজনের মৃত্যু হয়েছে। রাঙ্গাবালী উপজেলার চরগঙ্গা গ্রামে মাঠে গরু বাঁধতে গিয়ে সৌরভ মজুমদার নামে এক যুবকের মৃত্যু হয়। কলাপাড়া উপজেলার তারিকাটা গ্রামে ভুট্টা ক্ষেতে কাজ করার সময় জহির উদ্দিন এবং পৃথক ঘটনায় সেতারা বেগম ও খালেক হাওলাদার প্রাণ হারান।

এছাড়া জেলায় গত দুই দিনে অন্তত ৫০টি গরু মারা যাওয়ার খবর পাওয়া গেছে।

জামালপুরের ইসলামপুরে মাছ ধরতে গিয়ে শামীম মিয়া এবং রাস্তার কাজ করার সময় সাগর ইসলাম নামে এক শ্রমিক মারা যান। বরগুনার পাথরঘাটায় জেলে আল আমীন এবং আমতলীতে কৃষক নূরজামালের মৃত্যু হয়েছে। আমতলী উপজেলা প্রশাসন থেকে নিহতের পরিবারকে মানবিক সহায়তার চেক প্রদান করা হয়েছে।

ময়মনসিংহের তারাকান্দায় রাংসা নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে সাদ্দাম হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়।

বাগেরহাটের সদর উপজেলায় মাঠ থেকে গরু আনতে গিয়ে রবিন হাওলাদার নামে এক দিনমজুর মারা যান।

রংপুরের তারাগঞ্জে খড়ি সংগ্রহ করতে গিয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে এবং রাজবাড়ীর মিজানপুরে শিশু সন্তানকে নিয়ে বাজারে যাওয়ার পথে বজ্রপাতে মারা যান সুমন মন্ডল।

সংশ্লিষ্ট থানাগুলোর পুলিশ ও স্থানীয় প্রশাসন বজ্রপাতে এসব প্রাণহানির খবরের সত্যতা নিশ্চিত করেছে।

এনএন/ ২৯ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language