ঢাকার ফিলিং স্টেশনে স্বস্তি: উধাও দীর্ঘ লাইন, স্বাভাবিক সরবরাহ

ঢাকা, ২৯ এপ্রিল – রাজধানী ঢাকার ফিলিং স্টেশনগুলোতে গত কয়েক দিনের চেনা দৃশ্য পুরোপুরি বদলে গেছে। প্রায় দেড় মাস ধরে জ্বালানি তেলের জন্য পাম্পগুলোতে গ্রাহকদের যে দীর্ঘ অপেক্ষা ও ভোগান্তি দেখা গিয়েছিল, এখন সেখানে বিরাজ করছে নীরবতা। তেলের দাম বৃদ্ধি এবং চাহিদার বিপরীতে সরবরাহ স্বাভাবিক হয়ে আসায় মাত্র কয়েক দিনের ব্যবধানে এই পরিবর্তন লক্ষ্য করা গেছে।
রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, অনেক স্টেশনে দীর্ঘ সময় কোনো যানবাহন না আসায় পাম্প কর্মীরা অলস সময় পার করছেন। বুধবার দুপুর ১২টার পর মুগদা, রাজারবাগ, আরামবাগ, মৎস্য ভবন ও মতিঝিল এলাকার বিভিন্ন ফিলিং স্টেশনে গ্রাহকদের কোনো বাড়তি চাপ দেখা যায়নি। মুগদার শান্ত সিএনজি রি-ফুয়েলিং স্টেশনে গিয়ে দেখা যায়, তেল নেওয়ার জন্য মাত্র কয়েকটি মোটরসাইকেল অপেক্ষা করছে।
স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, গত রোববার থেকেই পর্যাপ্ত জ্বালানি তেল পাওয়া যাচ্ছে এবং সোমবার বিকেলের পর থেকে গ্রাহকদের ভিড় কমতে শুরু করে। মতিঝিল এলাকার মেসার্স পূবালী ও করিম অ্যান্ড সন্স ফিলিং স্টেশনেও একই চিত্র দেখা গেছে। সেখানে মোটরসাইকেল বা গাড়ির কোনো দীর্ঘ সারি চোখে পড়েনি। তেলের পাম্পের পাশে কর্মীদের বিশ্রাম নিতে দেখা যায়। দৈনিক বাংলার নাভানা সিএনজি স্টেশন ও রমনা ফিলিং স্টেশনেও যানবাহনের তেমন কোনো চাপ নেই।
সংশ্লিষ্টরা বলছেন, ডিপো থেকে এখন নিয়মিত পর্যাপ্ত তেল সরবরাহ করা হচ্ছে। এছাড়া দাম বাড়ার ফলে সাধারণ গ্রাহকরা এখন আর অতিরিক্ত তেল সংগ্রহ বা মজুত করছেন না। বর্তমানে অধিকাংশ যানবাহনেই পর্যাপ্ত জ্বালানি থাকায় এবং সরবরাহ নিরবচ্ছিন্ন হওয়ায় ফিলিং স্টেশনগুলোতে এখন স্বাভাবিক পরিবেশ বিরাজ করছে।
এস এম/ ২৯ এপ্রিল ২০২৬









