পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ চলছে

কলকাতা, ২৯ এপ্রিল – পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ শুরু হয়েছে। স্থানীয় সময় সকাল সাতটায় শুরু হওয়া এই ভোটাভুটি চলবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত। এই ধাপে রাজ্যের মোট ১৪২টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। যেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন এক হাজার ৪৪৮ জন প্রার্থী।
নির্বাচনের এই পর্যায়ে মোট ভোটার সংখ্যা তিন কোটি ২১ লাখের বেশি। ভোটগ্রহণ চলছে কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, নদীয়া ও মুর্শিদাবাদ জেলায়। আগের নির্বাচনে এই আসনগুলোর মধ্যে তৃণমূল কংগ্রেস ১২৩টি এবং বিজেপি ১৮টি আসনে জয়লাভ করেছিল।
এবারের নির্বাচনে মমতা ব্যানার্জি ও শুভেন্দু অধিকারীর রাজনৈতিক লড়াইকে কেন্দ্র করে ভবানীপুর আসনটি বিশেষ আলোচনায় রয়েছে। এর আগে গত ২৩ এপ্রিল প্রথম ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছিল। আগামী ৪ মে নির্বাচনের ফলাফল ঘোষণা করার কথা রয়েছে।
এস এম/ ২৯ এপ্রিল ২০২৬









