আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি: ব্যারেল প্রতি ১১১ ডলার ছাড়াল

তেহরান, ২৮ এপ্রিল – যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য দ্বিতীয় দফা সংলাপ ও শান্তিচুক্তিকে কেন্দ্র করে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম আরেক দফা বেড়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে যে, মঙ্গলবার তেলের দাম আগের দিনের তুলনায় প্রায় ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বাজার পর্যালোচনায় দেখা যায়, মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড তেল ১১১ দশমিক ২২ ডলারে বিক্রি হচ্ছে।
সোমবারের তুলনায় এই দাম ব্যারেল প্রতি ২ দশমিক ৯৯ ডলার বা ২ দশমিক ৭৬ শতাংশ বেশি। একইভাবে দাম বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের অন্য বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটেরও। মঙ্গলবার প্রতি ব্যারেল ডব্লিউটিআই বিক্রি হচ্ছে ৯৮ দশমিক ৯১ ডলারে, যা আগের দিনের চেয়ে ২ দশমিক ৫৪ ডলার বা ২ দশমিক ৬৪ শতাংশ বেশি।
জ্বালানি পণ্য বাজার পর্যবেক্ষণকারী সংস্থা রাইস্ট্যাড এনার্জির বিশ্লেষক হোর্হে লিওন তেলের এই মূল্যবৃদ্ধিকে বাজারের জন্য বিপজ্জনক সংকেত হিসেবে উল্লেখ করেছেন। তিনি জানান, ব্যারেল প্রতি তেলের দাম ১১০ ডলার ছাড়িয়ে যাওয়া মূলত ভূ রাজনৈতিক অস্থিরতার প্রতিফলন।
শান্তি আলোচনা নিয়ে অনিশ্চয়তা এবং হরমুজ প্রণালির বর্তমান পরিস্থিতি ব্যবসায়ীদের মনে বিশ্বব্যাপী সরবরাহ বিঘ্নিত হওয়ার শঙ্কা তৈরি করছে। লিওন আরও সতর্ক করে বলেন যে, চুক্তির মাধ্যমে যুদ্ধ থামলেও হরমুজ প্রণালির সংকট পুরোপুরি না মিটলে তেলের বাজারে অস্থিতিশীলতার ঝুঁকি থেকেই যাবে।
এস এম/ ২৮ এপ্রিল ২০২৬





