পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে উত্তেজনা: পাল্টাপাল্টি হামলার অভিযোগ

ইসলামাবাদ, ২৮ এপ্রিল – ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বন্দ্বে মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখলেও প্রতিবেশী দেশ আফগানিস্তানের সাথে নতুন করে দ্বন্দ্বে জড়িয়েছে পাকিস্তান। চলমান যুদ্ধবিরতি লঙ্ঘন করে একে অপরের ভূখণ্ডে হামলার পাল্টাপাল্টি অভিযোগ তুলেছে প্রতিবেশী দেশ দুটি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
আফগানিস্তানের তালেবান কর্তৃপক্ষ দাবি করেছে যে, পূর্ব ঘোষণা ছাড়াই পাকিস্তানি বাহিনী দেশটির কুনার প্রদেশের একটি বিশ্ববিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এই হামলায় কমপক্ষে ৭ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন আরও ৮৫ জন। তবে ইসলামাবাদ এই অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে। পাকিস্তানের তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে, তারা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে হামলা চালায়নি।
অন্যদিকে পাকিস্তানি কর্মকর্তাদের দাবি অনুযায়ী, দক্ষিণ ওয়াজিরিস্তান এলাকায় তালেবান যোদ্ধাদের গুলিবর্ষণে তাদের অন্তত ৩ জন নিরাপত্তা কর্মী আহত হয়েছেন। সীমান্ত এলাকায় এ ধরনের কর্মকাণ্ড চুক্তি লঙ্ঘনের শামিল বলে তারা উল্লেখ করেছেন।
উল্লেখ্য যে, গত মার্চ মাসে চীনের মধ্যস্থতায় পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে একটি সাময়িক যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। কিন্তু সাম্প্রতিক এই পাল্টাপাল্টি হামলার ঘটনায় সীমান্ত পরিস্থিতি পুনরায় উত্তপ্ত হয়ে ওঠার আশঙ্কা দেখা দিয়েছে। দুই দেশের ক্রমবর্ধমান এই উত্তেজনা বর্তমানে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
এস এম/ ২৮ এপ্রিল ২০২৬









