জাতীয়

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি দ্রুত সম্পন্ন করার পরিকল্পনা সরকারের

ঢাকা, ২৭ এপ্রিল – প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে দ্রুত স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচনী প্রক্রিয়া শুরু করার পরিকল্পনা নিয়েছে সরকার।

সোমবার জাতীয় সংসদে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানান।

সংসদ অধিবেশনে তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনের বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে। সব ধরনের প্রস্তুতি শেষ করে দ্রুততম সময়ে এই নির্বাচনী প্রক্রিয়া শুরু করা হবে।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে মন্ত্রী জানান, ধাপে ধাপে সব স্তরের নির্বাচন সম্পন্ন করতে সাধারণত দশ মাস থেকে এক বছর সময়ের প্রয়োজন হয়। ভোটার তালিকা প্রস্তুত, নির্বাচনের প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহ, ধর্মীয় উৎসব, পাবলিক পরীক্ষা ও আবহাওয়াসহ বিভিন্ন বিষয় বিবেচনা করে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়।

তফসিল ঘোষণার প্রাক প্রস্তুতি হিসেবে অন্তত ৪৫ দিন সময়ের প্রয়োজন পড়ে বলে তিনি সংসদকে অবহিত করেন।

নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম ব্যবহার প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, আগামীতে জাতীয় বা স্থানীয় কোনো নির্বাচনেই ইভিএম ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। পূর্ববর্তী সময়ে কেনা ইভিএম প্রকল্পের বিভিন্ন অডিট আপত্তি নিয়ে বর্তমানে দুর্নীতি দমন কমিশনের তদন্ত চলমান রয়েছে।

প্রায় ৩ হাজার ৮২৫ কোটি টাকা ব্যয়ে কেনা এই ইভিএমগুলো বর্তমানে বিএমটিএফ এবং নির্বাচন কমিশনের গুদামে সংরক্ষিত রয়েছে।

এছাড়া প্রশাসনিক পুনর্গঠন নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ফরিদপুর ও কুমিল্লা নামে দুটি নতুন বিভাগ গঠনের আনুষ্ঠানিক সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন।

প্রস্তাবিত ফরিদপুর বিভাগে বর্তমান ঢাকা বিভাগের মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ী ও গোপালগঞ্জ জেলাকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি বা নিকারের বৈঠকে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে তিনি জানান।

এনএন/ ২৭ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language