মধ্যপ্রাচ্য

সিরিয়ায় বাশার আল-আসাদ সরকারের বিচার শুরু, আদালতে হাজির এক আত্মীয়

দামেস্ক, ২৭ এপ্রিল – সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ এবং তার প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়ার প্রথম শুনানি অনুষ্ঠিত হয়েছে। রোববার দামেস্কের একটি আদালতে এই ঐতিহাসিক বিচার কার্যক্রম শুরু হয়। অভিযুক্তদের তালিকায় আসাদ ও তার ভাই মাহের আল-আসাদ থাকলেও তারা বর্তমানে পলাতক। তবে তাদের এক ঘনিষ্ঠ আত্মীয় এবং সাবেক নিরাপত্তা কর্মকর্তা আতেফ নাজিবকে সশরীরে আদালতে হাজির করা হয়। শুনানি চলাকালীন বিচারক ফখর আল-দীন আল-আরিয়ান ঘোষণা করেন যে সিরিয়ায় অন্তর্বর্তীকালীন বিচার ব্যবস্থার অংশ হিসেবে এই প্রক্রিয়া শুরু হলো।

তিনি জানান, হেফাজতে থাকা আসামিদের পাশাপাশি যারা বিচার থেকে পালিয়েছেন, তাদের সবার বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একটি বিচারিক সূত্র নিশ্চিত করেছে যে আসাদ, তার ভাই মাহের এবং নাজিবের মতো প্রভাবশালী ব্যক্তিদের জবাবদিহিতার আওতায় আনাই এই কার্যক্রমের মূল লক্ষ্য। ২০২৫ সালের জানুয়ারিতে আসাদ সরকারের পতনের পর গ্রেপ্তার হওয়া আতেফ নাজিবকে এদিন কারাবন্দির পোশাকে আদালতে দেখা যায়। নাজিব ২০১১ সালে সিরিয়ার দারা প্রদেশে রাজনৈতিক নিরাপত্তা শাখার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

ওই সময় তার বিরুদ্ধে ব্যাপক দমন-পীড়ন ও ধরপাকড় চালানোর অভিযোগ রয়েছে। উল্লেখ্য, এই দারা প্রদেশ থেকেই বাশার আল-আসাদ বিরোধী আন্দোলনের সূত্রপাত হয়েছিল। ২০২৪ সালের ডিসেম্বরে বিদ্রোহীরা দামেস্কের নিয়ন্ত্রণ নেওয়ার প্রাক্কালে বাশার আল-আসাদ রাশিয়ার রাজধানী মস্কোতে রাজনৈতিক আশ্রয় নেন। এর ফলে সিরিয়ায় আসাদ পরিবারের অর্ধশতাব্দীর শাসনের অবসান ঘটে। রোববারের শুনানিটি মূলত প্রশাসনিক ও আইনি প্রস্তুতিমূলক কাজের মধ্যে সীমাবদ্ধ ছিল।

পরবর্তী শুনানির জন্য আগামী ১০ মে তারিখ নির্ধারণ করেছেন বিচারক। আদালত সূত্রে জানা গেছে, সশরীরে উপস্থিত থেকে যাদের বিচার হবে তাদের মধ্যে আসাদের আরেক আত্মীয় ওয়াসিম আল-আসাদ এবং সাবেক গ্র্যান্ড মুফতি আহমেদ বদরুদ্দিন হাসসুন রয়েছেন। এছাড়াও সাম্প্রতিক সময়ে গ্রেপ্তার হওয়া বেশ কয়েকজন সামরিক ও নিরাপত্তা কর্মকর্তাকে এই বিচারের আওতায় আনা হয়েছে।

এস এম/ ২৭ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language