যুক্তরাষ্ট্রে দুই শিক্ষার্থী হত্যা: সুষ্ঠু তদন্ত ও বিচার চায় বাংলাদেশ

ঢাকা, ২৬ এপ্রিল – যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি শিক্ষার্থীর হত্যাকাণ্ডের ঘটনায় সুষ্ঠু তদন্ত এবং যথাযথ বিচার দাবি করেছে বাংলাদেশ সরকার। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রবিবার মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এই দাবি জানান। তিনি বলেন, ফ্লোরিডায় ঘটে যাওয়া এই নৃশংস হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন এবং অপরাধীদের কঠোর শাস্তি নিশ্চিত করা প্রয়োজন।
প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন যে নিহত দুই শিক্ষার্থীর পরিবারের সঙ্গে সরকার নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলেছে এবং তাদের সম্ভাব্য সকল সহযোগিতা প্রদান করা হচ্ছে। গত ১৬ এপ্রিল যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় পিএইচডি গবেষণারত বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজ হন।
দীর্ঘ ১০ দিন পর গত ২৪ এপ্রিল জামিলের মরদেহ উদ্ধার করা হয়। এর একদিন পর ২৫ এপ্রিল নাহিদা সুলতানা বৃষ্টির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তার ভাই সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেন। এই ঘটনায় প্রবাসী বাংলাদেশি ও শিক্ষার্থীদের মধ্যে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এস এম/ ২৬ এপ্রিল ২০২৬









