মানিকগঞ্জ

সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলনের জানাজা সম্পন্ন

মানিকগঞ্জ, ২৬ এপ্রিল – মানিকগঞ্জ ৪ আসনের সাবেক সংসদ সদস্য এবং সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলনের জানাজা সম্পন্ন হয়েছে। রোববার জোহর নামাজের পর সিংগাইর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় সাবেক সংসদ সদস্য এস এম আব্দুল মান্নান, জেলা পরিষদের প্রশাসক জামিলুর রশিদ খান, সিংগাইর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুশফিকুর রহমান খান হান্নান এবং আবিদুর রহমান খান রোমানসহ বিভিন্ন স্তরের মানুষ অংশ নেন।

স্বজনরা জানান, মরদেহ ঢাকায় নেওয়ার পর দাদার কবরের পাশে তাকে দাফন করা হবে। এর আগে রোববার ভোরে ঢাকার নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন গোলাম সারোয়ার মিলন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি ব্যক্তিগত জীবনে স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

গোলাম সারোয়ার মিলন ১৯৮৬ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত শিক্ষা উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং ১৯৮৬ থেকে ১৯৯০ মেয়াদে মানিকগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য ছিলেন। এছাড়া তিনি মানিকগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন। রাজনৈতিক জীবনের শুরুতে তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় সভাপতি ছিলেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সক্রিয় ছাত্রনেতা হিসেবে পরিচিতি লাভ করেন। পরবর্তীতে তিনি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

এস এম/ ২৬ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language