ট্রাম্পের অনুষ্ঠানের বাইরে গোলাগুলি, ইরান যুদ্ধের সংশ্লিষ্টতা নাকচ

ওয়াশিংটন, ২৬ এপ্রিল – ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে আয়োজিত এক অনুষ্ঠানের বাইরে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এই ঘটনার সাথে ইরান যুদ্ধের কোনো সম্পর্ক নেই বলে নিশ্চিত করেছেন প্রেসিডেন্ট নিজেই।
শনিবার রাতে ওয়াশিংটন হিলটন হোটেলে হোয়াইট হাউজ সংবাদদাতাদের বার্ষিক নৈশভোজ চলাকালে এই পরিস্থিতি তৈরি হয়। ঘটনার সময় প্রেসিডেন্ট ট্রাম্প এবং ফার্স্ট লেডি অনুষ্ঠান স্থলেই ছিলেন।
মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই জানিয়েছে, হামলাকারীকে আটক করা হয়েছে এবং তাদের ওয়াশিংটন ফিল্ড অফিস তদন্ত শুরু করেছে।
পরবর্তী এক সংবাদ ব্রিফিংয়ে ট্রাম্প জানান, শুরুতে তিনি গুলির শব্দকে কোনো কিছু পড়ে যাওয়ার আওয়াজ মনে করেছিলেন। তবে ফার্স্ট লেডি তাৎক্ষণিকভাবে বুঝতে পারেন যে এটি ছিল গুলির শব্দ। আটক ব্যক্তিকে অত্যন্ত সন্দেহজনক উল্লেখ করে প্রেসিডেন্ট জানান, আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা হামলাকারী এককভাবে এই পরিকল্পনা বাস্তবায়ন করেছে। ঘটনার সময় ইউএস সিক্রেট সার্ভিস দ্রুত প্রেসিডেন্টকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়।
ট্রাম্প জানিয়েছেন যে তিনিসহ মন্ত্রিসভার সকল সদস্যরা বর্তমানে নিরাপদ রয়েছেন। পরিস্থিতির কারণে অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে এবং সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা ব্যাপক হারে বৃদ্ধি করা হয়েছে।
এনএন/ ২৬ এপ্রিল ২০২৬









