রাউজানে বিএনপি কর্মী হত্যার প্রতিবাদে লাশ নিয়ে চট্টগ্রাম রাঙামাটি সড়ক অবরোধ

চট্টগ্রাম, ২৫ এপ্রিল – চট্টগ্রামের রাউজানে সন্ত্রাসীদের গুলিতে নিহত বিএনপি কর্মী কাউসারুজ্জামানের লাশ নিয়ে চট্টগ্রাম রাঙামাটি সড়ক অবরোধ করেছেন স্বজন ও এলাকাবাসী।
শনিবার বেলা সাড়ে তিনটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত রাউজানের চারাবটতল এলাকায় এই কর্মসূচি পালন করা হয়।
এ সময় অবরোধকারীরা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারে পুলিশকে আলটিমেটাম দেন এবং খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সরেজমিনে দেখা যায়, লাশ বহনকারী অ্যাম্বুলেন্স এবং খাটিয়া দিয়ে সড়কটি বন্ধ করে দেওয়া হয়েছে। শত শত নারী পুরুষ রাস্তায় নেমে বিক্ষোভ মিছিল করেন। দীর্ঘ এক ঘণ্টা অবরোধের কারণে সড়কের দুই পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে নানাবাড়ি থেকে ফেরার পথে কাউসারুজ্জামানের ওপর হামলা চালায় সাত আটজন সশস্ত্র সন্ত্রাসী। তার পিঠে গুলি লাগলে দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতাল এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত কাউসারুজ্জামানের বাবা আবুল কালাম বলেন, তার ছেলে বিএনপির সমর্থক এবং এলাকার বিভিন্ন অন্যায়ের প্রতিবাদ করতেন। এই কারণেই তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
রাউজান থানা পুলিশ জানায়, এলাকায় শান্তি বজায় রাখতে পুলিশ কাজ করছে।
উল্লেখ্য যে, গত কয়েক মাসে রাউজান এলাকায় রাজনৈতিক হানাহানি ও বিরোধে বেশ কয়েকটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুল ইসলাম।
এনএন/ ২৫ এপ্রিল ২০২৬









