দীর্ঘ দুই মাস পর তেহরান থেকে ফের বাণিজ্যিক বিমান চলাচল শুরু

তেহরান, ২৫ এপ্রিল – ইরানের রাজধানী তেহরান থেকে দীর্ঘ দুই মাস পর পুনরায় বাণিজ্যিক বিমান চলাচল শুরু হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, অঞ্চলটিতে চলমান উত্তেজনার পরিপ্রেক্ষিতে বন্ধ থাকা ফ্লাইটগুলো শনিবার থেকে নিয়মিত কার্যক্রম শুরু করেছে।
ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইস্তাম্বুল, মাস্কাট এবং সৌদি আরবের মদিনার উদ্দেশ্যে যাত্রীবাহী বিমান ছেড়ে গেছে। এছাড়া রাষ্ট্রীয় বিমান সংস্থা ইরান এয়ার ৫৬ দিন পর তেহরান থেকে মাশহাদ রুটে অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা করেছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, পর্যায়ক্রমে বাকু, নাজাফ, বাগদাদ ও দোহাসহ আরও কয়েকটি গন্তব্যে দ্রুত ফ্লাইট চালু করা হবে।
ইরান এয়ারপোর্টস অ্যান্ড এয়ার ন্যাভিগেশন কোম্পানির প্রধান মোহাম্মদ আমিরানি বলেন, দেশের পূর্বাঞ্চলীয় সীমান্ত এলাকায় অভ্যন্তরীণ ও ট্রানজিট ফ্লাইটকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। মাশহাদ, জাহেদান, কেরমান, ইয়াজদ ও বিরজান্দের মতো প্রাদেশিক বিমানবন্দরগুলোকে আঞ্চলিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি বিদেশি এয়ারলাইন্সগুলোর সাথে নতুন রুট ও ট্রানজিট সুবিধা নিয়ে পুনরায় আলোচনা চলছে।
মধ্যপ্রাচ্যের অস্থিরতার কারণে দীর্ঘ সময় আকাশসীমা বন্ধ থাকায় যাত্রীরা ব্যাপক ভোগান্তির শিকার হন। যদিও কাতার ও সংযুক্ত আরব আমিরাত ধীরে ধীরে তাদের আকাশসীমা উন্মুক্ত করছে, তবে পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি।
বিশ্লেষকদের মতে, জ্বালানি সংকটের শঙ্কা বৈশ্বিক বিমান চলাচলে নতুন চাপ তৈরি করতে পারে যা নিরসনে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এনএন/ ২৫ এপ্রিল ২০২৬









