জাতীয়

বিগত সরকারের অবহেলায় দেশে হামের প্রাদুর্ভাব, মুন্সীগঞ্জে স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্য

মুন্সীগঞ্জ, ২৪ এপ্রিল – বিগত দুটি সরকারের ব্যর্থতায় শিশুদের হামের টিকা প্রদানে অবহেলার কারণে বর্তমানে দেশে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মো. সাখাওয়াত হোসেন। মন্ত্রী জানান যে ২০২০ সালের ডিসেম্বরের পর থেকে দেশে সচেতনতামূলক কোনো হামের টিকাদান ক্যাম্পেইন পরিচালিত হয়নি এবং গত ছয় বছর ধরে পূর্ববর্তী সরকার এ বিষয়ে উদাসীন ছিল।

শুক্রবার বিকেলে মুন্সীগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী আরও উল্লেখ করেন যে সরকার ইতিমধ্যে সারাদেশে হামের টিকাদান কার্যক্রম শুরু করেছে। শুরুতে ৩০টি উপজেলায় এ কার্যক্রম শুরু হলেও গত ২০ তারিখ থেকে এটি দেশব্যাপী পূর্ণাঙ্গভাবে পরিচালিত হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন যে দ্রুতই এই রোগের প্রকোপ নিয়ন্ত্রণে আসবে।

হাসপাতাল পরিদর্শনের সময় দায়িত্বে অবহেলা, গণমাধ্যমে ভুল তথ্য প্রদান এবং দুর্নীতির অভিযোগে মুন্সীগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. কামরুল জমাদ্দার, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আহাম্মদ কবীর এবং সিভিল সার্জন কার্যালয়ের স্টেনোটাইপিস্ট মিজানুর রহমানকে তাৎক্ষণিক প্রত্যাহারের নির্দেশ দেন মন্ত্রী। তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।

এর আগে স্বাস্থ্যমন্ত্রী জেলার স্বাস্থ্যসেবা নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় অংশ নেন। ওই সভায় মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, জেলা প্রশাসক নূর মহল আশরাফী এবং পুলিশ সুপার মো. মেনহাজুল আলমসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এনএন/ ২৪ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language