নারায়নগঞ্জ

সাবেক সংসদ সদস্য বাহাউল হক আর নেই

নারায়ণগঞ্জ, ২৪ এপ্রিল – নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও নারায়ণগঞ্জ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু নূর মোহাম্মদ বাহাউল হক ইন্তেকাল করেছেন।

শুক্রবার সকালে রাজধানীর নিজস্ব বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

পারিবারিক সূত্রে জানা গেছে, আজ সকাল সোয়া ৮টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। আবু নূর মোহাম্মদ বাহাউল হক জাতীয় পার্টির মনোনয়নে ১৯৮৮ থেকে ১৯৯০ সাল পর্যন্ত নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবেও অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছিলেন।

মরহুমের জানাজার বিষয়ে পরিবার পক্ষ থেকে জানানো হয়েছে যে, প্রথম জানাজা বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এরপর দ্বিতীয় জানাজা সোনারগাঁ উপজেলার গোয়ালদী গ্রামে বাদ আসর অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে তার প্রতিষ্ঠিত বাহাউল হক একাডেমি প্রাঙ্গণে সমাহিত করা হবে।

রাজনৈতিক জীবনের পাশাপাশি আবু নূর মোহাম্মদ বাহাউল হক এলাকায় শিক্ষা ও সমাজসেবামূলক কাজে নিবেদিত ছিলেন। তিনি সোনারগাঁয়ে বাহাউল হক টেকনিক্যাল ইন্সটিটিউটসহ একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন প্রতিষ্ঠা করে গেছেন।

তার মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

এনএন/ ২৪ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language