জাতীয়

রাজনৈতিক অনিশ্চয়তায় চাপের মুখে অর্থনীতি: প্রবৃদ্ধি ৪ শতাংশে নামার পূর্বাভাস এডিবির

ঢাকা, ২৪ এপ্রিল – বাংলাদেশের অর্থনীতি বর্তমানে রাজনৈতিক অনিশ্চয়তা, কঠোর নীতিনিমালার প্রয়োগ এবং বৈশ্বিক অস্থিরতার কারণে চাপের মুখে পড়েছে বলে জানিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। সংস্থাটির প্রকাশিত এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক ২০২৫ শীর্ষক বার্ষিক প্রতিবেদনে এই পর্যবেক্ষণ তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয় যে, দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং বিদ্যমান অনিশ্চয়তা মোট দেশজ উৎপাদনের গতি শ্লথ করার পাশাপাশি বাজারে পণ্য ও সেবার চাহিদাও কমিয়ে দিয়েছে। এর পাশাপাশি কঠোর মুদ্রানীতি ও রাজস্ব নীতি সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে বাড়তি চাপ সৃষ্টি করছে।

প্রতিবেদনে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অবস্থার সঙ্গে নেপালের পরিস্থিতির তুলনা করা হয়েছে। এতে বলা হয়, উন্নয়নশীল অর্থনীতিতে রাজনৈতিক অস্থিরতা সরাসরি বিনিয়োগ, উৎপাদন এবং গ্রাহকের আস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলে। এডিবির পূর্বাভাস অনুযায়ী, ২০২৫ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৪ শতাংশে নেমে আসতে পারে। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত এবং আন্তর্জাতিক বাজারে জ্বালানি ও অন্যান্য পণ্যের মূল্যের অস্থিরতা আমদানিনির্ভর এই অর্থনীতির ওপর চাপ তৈরি করছে। তবে জাতীয় নির্বাচনের পর রাজনৈতিক অনিশ্চয়তা কিছুটা হ্রাস পাওয়ায় ভবিষ্যতে অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি ফেরার সম্ভাবনাও দেখছে সংস্থাটি।

দেশের ব্যাংকিং খাতের সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রতিবেদনে বলা হয়, সুশাসনের অভাব এবং দুর্বল তদারকির কারণে এই খাতটি এখনো কাঙ্ক্ষিত দক্ষতা অর্জন করতে পারেনি। অনেক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা ঋণ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এই সমস্যা সমাধানে ব্যাংক খাতের তদারকি শক্তিশালী করতে এডিবি ৫০ কোটি ডলারের একটি সহায়তা কর্মসূচি ঘোষণা করেছে। এ ছাড়া ২০২৫ সালে বাংলাদেশকে মোট ৫২১ কোটি ডলারের আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে সংস্থাটি। এই অর্থ অবকাঠামো উন্নয়ন, সামাজিক সুরক্ষা এবং আর্থিক সংস্কারের কাজে ব্যয় হবে। যথাযথ তদারকি ও মূলধন সংকট কাটাতে পারলে প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে বলে প্রতিবেদনে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

এস এম/ ২৪ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language