রাষ্ট্রপতি নির্বাচনে লড়বে জামায়াত, প্রার্থী চূড়ান্ত করতে কাল ১১ দলের বৈঠক

ঢাকা, ৮ আগস্ট – আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ লক্ষ্যে বিরোধী রাজনৈতিক জোটের একক প্রার্থী চূড়ান্ত করতে আগামীকাল রোববার ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের একটি গুরুত্বপূর্ণ বৈঠক আহ্বান করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন দলের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
সভায় জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ারসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের শীর্ষস্থানীয় সদস্যরা উপস্থিত ছিলেন।
দলটির পক্ষ থেকে জানানো হয়েছে যে বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনের পাশাপাশি দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, সংবিধান সংস্কার এবং ১১ দলীয় ঐক্যের ঘোষিত বিভিন্ন কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সকলের সম্মতিক্রমে নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি চূড়ান্ত করা হয়।
আগামীকাল বিরোধী দলগুলোর জোটের বৈঠকে রাষ্ট্রপতি পদের প্রার্থী চূড়ান্ত করার পর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জামায়াত সূত্রে জানানো হয়েছে।
এনএন/ ৮ আগস্ট ২০২৬









