গুলশানে গোপন বৈঠকের অভিযোগে গ্রেফতার ৬ জনের ৩ দিনের রিমান্ড

ঢাকা, ৮ আগস্ট – রাজধানীর গুলশানে একটি শপিংমলের ফুড কোর্টে গোপন বৈঠকের অভিযোগে গ্রেফতার হওয়া ছয় আসামির তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাদের এই রিমান্ড আদেশ দেওয়া হয়।
শনিবার আসামিদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা তাদের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রকিবুল হাসান প্রত্যেকের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
আসামী পক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
রিমান্ডপ্রাপ্তরা হলেন মো. মেহেদী মাসুদ চৌধুরী, এস এম রেজওয়ান হাবিব আলিফ, মো. নান্নু মিয়া, মো. আমিনুর রহমান, সজল আহমেদ ও মো. ইব্রাহিম হোসেন।
মামলার এজাহার থেকে জানা যায়, শুক্রবার গুলশান ১ এলাকার পুলিশ প্লাজা কনকর্ড শপিংমলের পঞ্চম তলার ফুড কোর্টে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী বৈঠকে বসেন। পুলিশের দাবি, বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করা এবং নাশকতা ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালানোর উদ্দেশ্যে সেখানে ষড়যন্ত্রমূলক আলোচনা চলছিল।
এজাহারে আরও উল্লেখ করা হয়েছে যে তারা দীর্ঘদিন ধরে গুলশান এলাকায় নাশকতার পরিকল্পনা বাস্তবায়নে গোপন তৎপরতা চালিয়ে আসছিলেন। এই ঘটনায় গুলশান থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।
এনএন/ ৮ আগস্ট ২০২৬









