সোমবার প্রকাশ করা হবে এসএসসি ও সমমান পরীক্ষার ফল

ঢাকা, ৮ আগস্ট – চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় প্রকাশ করা হবে। সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড এবং নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি পরীক্ষার্থীরা এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারবেন।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ আক্তারুজ্জামান শনিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার সকাল ১০টায় সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ফলাফল পাওয়া যাবে।
সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইট ছাড়াও শিক্ষার্থীরা দুটি অভিন্ন ওয়েবসাইট (eduboardresult.gov.bd) ও (educationboardresults.gov.bd) থেকেও ফলাফল সংগ্রহ করতে পারবেন।
মুঠোফোনে এসএমএসের মাধ্যমে ফল জানতে মেসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, এরপর রোল নম্বর ও সাল লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে। ফিরতি বার্তায় ফল জানিয়ে দেওয়া হবে।
ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীদের ক্ষেত্রে মেসেজ ফরম্যাট হবে SSC DHA ROLL YEAR। একইভাবে মাদরাসা বোর্ডের জন্য SSC MAD ROLL YEAR এবং কারিগরি বোর্ডের জন্য SSC TEC ROLL YEAR লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে। প্রতিটি খুদে বার্তার জন্য ভ্যাটসহ ১ টাকা ৩৯ পয়সা চার্জ নির্ধারণ করা হয়েছে।
এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী অংশ নিয়েছে। এর মধ্যে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের অধীনে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদরাসা বোর্ডের অধীনে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি বোর্ডের অধীনে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন পরীক্ষার্থী রয়েছে।
এনএন/ ৮ আগস্ট ২০২৬









