জাতীয়

নারায়ণগঞ্জে ১০ হত্যা মামলা: শামীম ওসমানসহ ১২ জনের অভিযোগ গঠনের আদেশ ৫ মে

নারায়ণগঞ্জ, ২৩ এপ্রিল – জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে ১০ জনকে হত্যার ঘটনায় দায়েরকৃত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশের জন্য আগামী ৫ মে দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এর বিচারপতি মো. শফিউল আলম মাহমুদের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এই তারিখ নির্ধারণ করেন। প্যানেলের অপর সদস্য হলেন বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এদিন আদালতে আসামিদের অব্যাহতি চেয়ে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরা। তারা দাবি করেন যে কেবল রাজনৈতিক কারণে শামীম ওসমানসহ ১২ জনকে এই মামলায় অভিযুক্ত করা হয়েছে এবং প্রসিকিউশন তাদের বিরুদ্ধে প্রাথমিক কোনো তথ্য প্রমাণ উপস্থাপন করতে পারেনি। তবে প্রসিকিউশন এই আবেদনের তীব্র বিরোধিতা করে জানায় যে আসামিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট হত্যাকাণ্ডের অভিযোগ রয়েছে। প্রসিকিউটর গাজী এমএইচ তামিম শুনানিতে বলেন, অব্যাহতি আবেদনে জুলাই গণঅভ্যুত্থানকে ভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে যা গ্রহণযোগ্য নয়।

মামলার নথি থেকে জানা যায়, আসামিদের বিরুদ্ধে ১৯ জুলাই নারায়ণগঞ্জের চাষাড়া ও সাইনবোর্ড এলাকায় শিশু রিয়াসহ ছয়জনকে হত্যার অভিযোগ রয়েছে। এছাড়া ২১ জুলাই ভূইগড় বাসস্ট্যান্ডে দুইজনকে এবং ৫ আগস্ট আরও দুইজনকে হত্যার অভিযোগ আনা হয়েছে। এই মামলায় শামীম ওসমান ছাড়া অন্য উল্লেখযোগ্য আসামিরা হলেন ইমতিনান ওসমান অয়ন ও আজমেরী ওসমান। বর্তমানে আসামিরা পলাতক থাকায় তাদের অনুপস্থিতিতেই আইনি প্রক্রিয়া চলছে।

এস এম/ ২৩ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language