ঢালিউড

সামাজিক মাধ্যমে অপপ্রচার নিয়ে সরব সুনেরাহ, দিলেন সতর্কবার্তা

ঢাকা, ২২ এপ্রিল – সামাজিক যোগাযোগ মাধ্যমে যাচাই বাছাই ছাড়া লেখালেখি ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। পাশাপাশি ভক্ত এবং অনুসারীদের এসব ভিত্তিহীন তথ্য থেকে সতর্ক থাকারও আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে অনলাইন লেখকদের একটি অংশের আচরণ নিয়ে প্রশ্ন তোলেন এই তারকা।

সুনেরাহ তার পোস্টে লেখেন, সোশ্যাল মিডিয়ায় কিছু লেখক আছেন। কিন্তু তাদের অনেকেই কোনো কিছু না জেনে, না বুঝে এবং যাচাই না করে নিজেদের ইচ্ছামতো লিখে ফেলেন। এসব লেখার বেশিরভাগই নেতিবাচক হয়ে থাকে।

অন্যদিকে পেশাদার সাংবাদিকদের কাজের প্রশংসা করে তাদের প্রতি সম্মান জানিয়েছেন এই অভিনেত্রী। তিনি উল্লেখ করেন, সাংবাদিকরা অনেক কষ্ট করে নিজেদের অবস্থান অর্জন করেছেন। তারা সঠিক তথ্য যাচাই করে সংবাদ প্রচার করেন এবং তারকাদের কাজগুলো তুলে ধরেন।

উদ্দেশ্যপ্রণোদিতভাবে মতামতের আড়ালে অপপ্রচার চালানোর প্রবণতা নিয়ে প্রশ্ন তুলে সুনেরাহ আরও বলেন, নিজের মনে যা হলো তা নিয়ে কাউকে জড়িয়ে অযৌক্তিক লেখালেখি করা মোটেও ঠিক নয়। তিনি মনে করেন, এসব লেখকদের মূল উদ্দেশ্য হলো মনোযোগ আকর্ষণ, বিনোদন অথবা অর্থ উপার্জন।

সবশেষে তিনি ভক্তদের ভিত্তিহীন বিষয় নিয়ে নিজেদের মূল্যবান সময় নষ্ট না করার পরামর্শ দেন।

উল্লেখ্য, বর্তমানে নাটক এবং চলচ্চিত্র এই দুই মাধ্যমেই সমানতালে কাজ করে যাচ্ছেন সুনেরাহ বিনতে কামাল।

এনএন/ ২২ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language