সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রস্তাব ফিরিয়ে দিলেন ডা. তাসনিম জারা

ঢাকা, ২১ এপ্রিল – ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন ডা. তাসনিম জারা।
মঙ্গলবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।
ঢাকা ৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়া তাসনিম জারা জানান, সংরক্ষিত আসনে যাওয়ার প্রস্তাব পেলেও তিনি তা গ্রহণ করেননি। নিজের ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, সংসদের সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ঘোষণা হওয়ার পর অনেকে তাকে সেখানে না দেখে সহানুভূতি জানিয়েছেন।
তিনি জানান, সংরক্ষিত আসনে যাওয়ার প্রস্তাব তাকে দেওয়া হয়েছিল যা তিনি সসম্মানে প্রত্যাখ্যান করেছেন। এর কারণ হিসেবে তিনি তার পূর্ববর্তী অবস্থানের কথা উল্লেখ করেন। তাসনিম জারা বলেন, তিনি সবসময় দাবি করে আসছেন যে সংরক্ষিত নারী আসনগুলো জনগণের সরাসরি ভোটে পূর্ণ হওয়া উচিত, দলীয় মনোনয়নে নয়। এমপি হওয়ার প্রস্তাব পাওয়ার পর নিজের নীতি থেকে সরে আসা তার পক্ষে সম্ভব ছিল না।
তার মতে, জনগণের সরাসরি ভোটে নির্বাচিত প্রতিনিধিরা তাদের ভোটারদের কাছে দায়বদ্ধ থাকেন এবং প্রয়োজনে দলের সিদ্ধান্তের বিরুদ্ধেও কথা বলতে পারেন। অন্যদিকে দলীয় মনোনয়নে আসা প্রতিনিধিদের কোনো নির্দিষ্ট নির্বাচনী এলাকা বা ভোটার থাকে না যা একটি কাঠামোগত দুর্বলতা। তিনি মনে করেন, নারীর প্রতিনিধিত্ব গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমেই আসা উচিত।
ঢাকা ৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি জানান, মাত্র ১৯ দিনের প্রচারণায় ৪৪ হাজারের বেশি ভোট পেয়েছিলেন তিনি। নির্বাচনের দিন অনিয়মের অভিযোগ থাকলেও তিনি ফলাফল মেনে নিয়েছেন।
তিনি প্রতিশ্রুতি দেন যে ভবিষ্যতে সংসদে গেলে জনগণের সরাসরি ভোটেই যাবেন। বর্তমানে সংসদের বাইরে থেকেই সমাজের কল্যাণে কাজ করে যাওয়ার ইচ্ছা পোষণ করেন তিনি।
উল্লেখ্য যে ডা. তাসনিম জারা জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ছিলেন। তবে জামায়াতে ইসলামীর সঙ্গে দলটির নির্বাচনী জোটের কারণে তিনি পদত্যাগ করেন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন।
এনএন/ ২১ এপ্রিল ২০২৬









