আইন-আদালত

সাবেক সেনা কর্মকর্তা নাজিম উদ্দিনের স্ত্রী ও ছেলের কর নথি তলব

ঢাকা, ২১ এপ্রিল – জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে সাবেক লেফটেন্যান্ট জেনারেল মো. নাজিম উদ্দিনের স্ত্রী আজিজা তাহের এবং ছেলে মোহাম্মদ জায়েম বিন নাজিমের আয়কর নথির সত্যায়িত ছায়ালিপি সরবরাহের নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ ঢাকার কর অঞ্চল ৯ ও ১০ এর কর কমিশনারকে এই আদেশ দেন।

আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। দুদকের সহকারী পরিচালক আখতারুজ্জামান নথির সত্যায়িত ছায়ালিপি চেয়ে আবেদনটি করেছিলেন। আবেদনে উল্লেখ করা হয়েছে যে নাজিম উদ্দিনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের তদন্ত চলমান রয়েছে।

সুষ্ঠু তদন্তের স্বার্থে অভিযুক্তের স্ত্রী ও সন্তানের ২০১৩-২০১৪ থেকে ২০২৫-২০২৬ করবর্ষ পর্যন্ত আয়কর রিটার্ন ও সংশ্লিষ্ট অন্যান্য নথিপত্র পর্যালোচনা করা একান্ত প্রয়োজন। এর আগে গত ২ মার্চ একই আদালত সংশ্লিষ্ট ব্যক্তিদের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছিলেন।

এস এম/ ২১ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language