জাতীয়

শাহজালাল বিমানবন্দরে অত্যাধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারের উদ্বোধন

ঢাকা, ২০ এপ্রিল – বাংলাদেশের আকাশসীমাকে আরও নিরাপদ, দক্ষ এবং আন্তর্জাতিক মানসম্পন্ন করতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নবনির্মিত এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। সোমবার এক অনুষ্ঠানের মাধ্যমে এই আধুনিক কেন্দ্রের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। উদ্বোধনী বক্তব্যে মন্ত্রী বলেন, একটি অত্যাধুনিক ও স্বয়ংক্রিয় এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেমের যাত্রা শুরুর মাধ্যমে বাংলাদেশের আকাশসীমা ব্যবস্থাপনায় নতুন দিগন্ত উন্মোচিত হলো।

এটি আন্তর্জাতিক মান বজায় রেখে আকাশপথের নিরাপত্তা নিশ্চিত করবে। এই সময় তিনি দেশের এভিয়েশন খাতের প্রসারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন। তিনি বলেন, ১৯৮০ সালে কুর্মিটোলায় এই আন্তর্জাতিক বিমানবন্দর চালুর মাধ্যমে তিনি দেশের এভিয়েশন শিল্পের ভিত্তি গড়েছিলেন। মন্ত্রী আরও জানান, সরকারের লক্ষ্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে একটি বৈশ্বিক এভিয়েশন হাবে পরিণত করা।

এই লক্ষ্য অর্জনে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বিশেষ গুরুত্বারোপ করে বলেন, ৩৫০ নটিক্যাল মাইল পরিসরের এই সমন্বিত আকাশসীমা ব্যবস্থাপনা আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি করবে।

এর মাধ্যমে প্রতিবেশী দেশগুলোর সাথে তথ্য আদান-প্রদান ও সমন্বয় জোরদার করা সম্ভব হবে। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিকসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এস এম/ ২০ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language