ইরানি জাহাজ জব্দের ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রতি চীনের কড়া বার্তা

বেইজিং, ২০ এপ্রিল – ওমান উপসাগরে ইরানি পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজ গুলি চালিয়ে ও জোরপূর্বক আটকের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে চীন। এই ঘটনাকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সকল পক্ষকে দায়িত্বশীল আচরণ করার এবং যুদ্ধবিরতি চুক্তি মেনে চলার আহ্বান জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
বেইজিংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন এক বিবৃতিতে জানান, হরমুজ প্রণালীর বর্তমান পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল ও জটিল। তিনি আরও উল্লেখ করেন যে সংশ্লিষ্ট পক্ষগুলোর উচিত উত্তেজনা বৃদ্ধি পায় এমন কাজ থেকে বিরত থাকা। একই সাথে জাহাজ চলাচলের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে তিনি আহ্বান জানান।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান যে তুসকা নামের একটি ইরানি জাহাজ তাদের নৌ অবরোধ ভাঙার চেষ্টা করলে মার্কিন নৌবাহিনী সেটিকে জব্দ করে। তবে ইরান এই ঘটনাকে সশস্ত্র জলদস্যুতা হিসেবে আখ্যায়িত করেছে এবং এর কঠোর প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। তেহরান জানিয়েছে জাহাজটি মূলত চীন থেকে আসছিল।
এস এম/ ২০ এপ্রিল ২০২৬









