বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হতে পারেন দিনেশ ত্রিবেদী

ঢাকা, ১৯ এপ্রিল – বাংলাদেশে পরবর্তী ভারতীয় হাইকমিশনার হিসেবে সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা দিনেশ ত্রিবেদীর নাম বিবেচনা করছে ভারত সরকার। তিনি বর্তমান হাইকমিশনার প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হবেন বলে জানা গেছে। অন্যদিকে প্রণয় ভার্মাকে ইউরোপীয় ইউনিয়নে ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে যে ত্রিবেদীর নিয়োগের বিষয়ে শিগগিরই বাংলাদেশ সরকারের কাছে সম্মতি চাওয়া হবে। সাধারণত গুরুত্বপূর্ণ রাষ্ট্রগুলোতে হাইকমিশনার বা রাষ্ট্রদূত হিসেবে ক্যারিয়ার ডিপ্লোম্যাটদের নিয়োগ দেওয়া হয়। তবে দিনেশ ত্রিবেদীকে পাঠানোর সিদ্ধান্তকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রচলিত ধারার বাইরে একটি ব্যতিক্রমী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
এর মাধ্যমে মোদি সরকার একটি স্পষ্ট বার্তা দিতে চায় যে প্রয়োজনে রাজনৈতিক নেতাদেরও দূত হিসেবে নিয়োগ দেওয়া হতে পারে। দিনেশ ত্রিবেদী ইউপিএ সরকারের আমলে তৃণমূল কংগ্রেসের সদস্য হিসেবে রেল এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।
পরবর্তীকালে ২০২১ সালের ১২ ফেব্রুয়ারি তিনি তৃণমূল ছাড়েন এবং ৬ মার্চ ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন। বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর দিল্লির সঙ্গে ঢাকার সম্পর্কের টানাপোড়েনের মাঝে এই নিয়োগকে বেশ তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে। ভারত সরকার বাংলাদেশের নতুন প্রশাসনের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে আগ্রহী বলে বিভিন্ন মাধ্যমে প্রকাশ পেয়েছে।
এস এম/ ১৯ এপ্রিল ২০২৬









