উত্তর আমেরিকা

নেতানিয়াহু ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়েছেন: কমালা হ্যারিস

ওয়াশিংটন, ১৯ এপ্রিল – যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস অভিযোগ করেছেন যে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে একটি অনাকাঙ্ক্ষিত যুদ্ধে জড়িয়ে ফেলেছেন।

গত শনিবার একটি তহবিল সংগ্রহ অনুষ্ঠানে অংশ নিয়ে কমালা এই মন্তব্য করেন।

তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্প এমন এক যুদ্ধে জড়িয়েছেন যা আমেরিকার সাধারণ মানুষ চায় না এবং এই সংঘাত মার্কিন সেনাদের জীবনের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করেছে।

কমালা হ্যারিসের এই কড়া সমালোচনার সরাসরি কোনো উত্তর না দিলেও সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ইসরায়েলের ভূয়সী প্রশংসা করে একটি বার্তা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সেখানে তিনি ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের অত্যন্ত নির্ভরযোগ্য মিত্র হিসেবে উল্লেখ করেন।

ট্রাম্প বলেন, মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তারা জানে কীভাবে জয়ী হতে হয়। এই সংকটময় সময়ে ইসরায়েল নিজেদের সাহসিকতা ও বিশ্বস্ততার প্রমাণ দিয়েছে এবং তারা জানে কীভাবে লড়াই করে বিজয় ছিনিয়ে আনতে হয় বলেও তিনি মন্তব্য করেন।

ট্রাম্পের মতে, যুদ্ধের এই কঠিন সময়ে অন্য অনেকে পিছু হটলেও ইসরায়েল দৃঢ় অবস্থান বজায় রেখেছে।

এনএন/ ১৯ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language