ইরান আমাদের ব্ল্যাকমেইল করতে পারবে না: ডোনাল্ড ট্রাম্প

ওয়াশিংটন, ১৮ এপ্রিল – মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরান হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্রকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছে তবে তারা এতে সফল হবে না।
হোয়াইট হাউজে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি অভিযোগ করেন যে তেহরান দীর্ঘকাল ধরে এই কৌশল ব্যবহার করে আসছে।
ট্রাম্প আরও দাবি করেন ইরানের বর্তমান সামরিক সক্ষমতা অনেক দুর্বল হয়ে পড়েছে। তার মতে দেশটির নৌবাহিনী, বিমানবাহিনী বা শক্তিশালী নেতৃত্ব বলতে বর্তমানে কিছুই নেই। বহু বছর ধরে ইরান হরমুজ প্রণালি বন্ধ করার হুমকি দিয়ে আসছে বলেও তিনি মন্তব্য করেন।
অন্যদিকে হরমুজ প্রণালির ওপর পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখার বিষয়ে ইরান তাদের অনড় অবস্থানের কথা জানিয়েছে। দেশটির সর্বোচ্চ নিরাপত্তা সংস্থা সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল বলেছে অঞ্চলে টেকসই শান্তি প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত এই জলপথের ওপর কড়া নজরদারি ও নিয়ন্ত্রণ অব্যাহত থাকবে।
রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে জানানো হয় বাণিজ্যিক জাহাজগুলোকে তথ্য প্রদান ও ফি পরিশোধের মাধ্যমে যাতায়াত করতে হবে। সম্প্রতি লেবাননে যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালি সাময়িকভাবে খুলে দেওয়া হলেও কয়েক ঘণ্টার ব্যবধানে তা আবার বন্ধ করে দেওয়া হয়।
এই উত্তেজনার মধ্যেই ইরানি নৌবাহিনীর পক্ষ থেকে দুটি বাণিজ্যিক জাহাজে গুলি ছোড়ার খবর পাওয়া গেছে।
এনএন/ ১৮ এপ্রিল ২০২৬









