জাতীয়
ডা. কামরুলের হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

ঢাকা, ১৩ এপ্রিল – আলোচিত কিডনি চিকিৎসক ডা. কামরুল ইসলামের হাসপাতালে চাঁদাবাজির ঘটনায় প্রধান অভিযুক্ত যুবদল নেতা মঈন উদ্দিন মঈনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এই ঘটনায় দায়ের হওয়া মামলার এক নম্বর আসামি ছিলেন তিনি।
সোমবার র্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় মঈনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, মঈন ছাড়াও আরও ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে প্রাথমিকভাবে তাদের নাম ও পরিচয় প্রকাশ করা হয়নি।
এর আগে এই চাঁদাবাজির ঘটনায় মঈনের আরও চার সহযোগীকে গ্রেপ্তার করেছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্রেপ্তারকৃত ওই চারজন হলেন মো. ফালান মিয়া, মো. রুবেল, মো. সুমন এবং মো. লিটন মিয়া।
এনএন/ ১৩ এপ্রিল ২০২৬









