আওয়ামী লীগের আমলে শিক্ষা খাতে কোনো ভিশন ছিল না: ববি হাজ্জাজ

নারায়ণগঞ্জ, ১২ এপ্রিল – প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ মন্তব্য করেছেন, আওয়ামী লীগ সরকারের আমলে দেশের শিক্ষা খাত নিয়ে সুনির্দিষ্ট কোনো ভিশন ছিল না। রবিবার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে তারাব পৌর মিলনায়তনে আয়োজিত একটি সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও রাষ্ট্রের ভূমিকা’ শীর্ষক এই সেমিনারে তিনি শিক্ষার বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
প্রতিমন্ত্রী বলেন, ২০১০ থেকে ২০২৪ সাল পর্যন্ত আওয়ামী লীগের শাসনামলে শিক্ষার কোনো গুণগত উন্নতি হয়নি। এত বছর ধরে শিক্ষা খাতে কোনো লক্ষ্য বা ভিশন নির্ধারণ করা হয়নি। এ সময় তিনি তারেক রহমানের ভিশন নিয়ে কাজ করার প্রশংসা করেন। দেশের শিক্ষাব্যবস্থার সমালোচনা করে তিনি বলেন, উচ্চমাধ্যমিক পাসের পর অনেকেই বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পান না। ফলে অনেক ক্ষেত্রে লটারির ওপর নির্ভর করতে হয়। লাখ লাখ টাকা ব্যয় করে বড় বড় ভবন নির্মাণ করা হলেও ভেতরে প্রকৃত শিক্ষার অভাব রয়ে গেছে।
কারিকুলাম, শ্রেণিকক্ষ এবং যোগ্যতার দিকে আরও নজর দেওয়া প্রয়োজন বলে তিনি মনে করেন। ববি হাজ্জাজ আরও উল্লেখ করেন, সঠিক ও যোগ্য শিক্ষকরা যেন শ্রেণিকক্ষে পাঠদান করেন, তা নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে প্রধান শিক্ষকদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনে শিক্ষার মান উন্নত হবে এবং ওপর মহল থেকে চাপিয়ে দেওয়া সিদ্ধান্তের দিন শেষ হতে চলেছে।
শিক্ষকদের দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়ে তিনি সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক মো. রায়হান কবির। এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. আবদুস সালাম, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জয় এবং সহকারী কমিশনার (ভূমি) মো. মারজানুর রহমান ও ফরিদ আল সোহান প্রমুখ।
এস এম/ ১২ এপ্রিল ২০২৬









