শিক্ষা

৪ জুনের মধ্যে সব শিক্ষাপ্রতিষ্ঠান ও অফিসের ওয়েবসাইট হালনাগাদের নির্দেশ

ঢাকা, ২২ মে – দেশের সকল সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান এবং মাঠ পর্যায়ের শিক্ষা অফিসসমূহকে নিজস্ব ওয়েবসাইট তৈরি ও তথ্য নিয়মিত হালনাগাদ করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

গত বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নির্দেশনা প্রদান করা হয়। আদেশে জানানো হয়েছে যে আগামী ৪ জুনের মধ্যে এই নির্দেশনা বাস্তবায়ন করতে হবে এবং একটি নির্দিষ্ট গুগল ফর্মে হালনাগাদ করা তথ্যাদি সাবমিট করতে হবে।

অফিস আদেশে উল্লেখ করা হয় যে,

জাতীয় তথ্য বাতায়নের আওতাধীন মাউশির আঞ্চলিক কার্যালয়, জেলা, উপজেলা ও থানা শিক্ষা অফিসসহ সরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের ওয়েবসাইট সচল থাকলেও সেগুলোতে প্রয়োজনীয় তথ্যের নিয়মিত অভাব পরিলক্ষিত হচ্ছে।

অন্যদিকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইট তৈরি ও নিয়মিত হালনাগাদ করার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে পূর্বনির্ধারিত নির্দেশনা রয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের নীতি অনুযায়ী প্রতিটি অফিসের ওয়েবসাইটে কর্মরত কর্মকর্তাদের নাম, পদবি, মোবাইল নম্বর এবং ইমেইল ঠিকানাসহ প্রয়োজনীয় বিষয়গুলো নিয়মিত দৃশ্যমান ও আপডেট রাখা বাধ্যতামূলক। কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে অনেক মাঠ পর্যায়ের অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিয়মিত আপডেট করছে না।

এই পরিস্থিতিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাউশির আওতাধীন সকল আঞ্চলিক, জেলা ও উপজেলা অফিসসহ সরকারি ও বেসরকারি স্কুল এবং কলেজসমূহকে তাদের নিজস্ব ওয়েবসাইট তৈরি অথবা বর্তমান ওয়েবসাইট হালনাগাদ করার জন্য পুনরায় সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করে সংশ্লিষ্ট গুগল ফর্ম লিংকে তথ্য প্রদান করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

এস এম/ ২২ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language