এশিয়া

থাইল্যান্ডে রিসোর্ট থেকে ২১ বাংলাদেশিসহ ২২ অবৈধ অভিবাসী গ্রেফতার

ব্যাংকক, ১১ এপ্রিল – থাইল্যান্ডের সংখলা প্রদেশের একটি সমুদ্রতীরবর্তী রিসোর্ট থেকে ২১ জন বাংলাদেশি এবং মিয়ানমারের এক নাগরিককে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ। অবৈধভাবে দেশটিতে প্রবেশের অভিযোগে তাদের আটক করা হয়। একই সঙ্গে অবৈধ অভিবাসীদের আশ্রয় দেওয়ার অভিযোগে রিসোর্টের মালিক এবং সাবেক এক সরকারি কর্মকর্তাকেও গ্রেফতার করা হয়েছে।

বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে থাই অভিবাসন বিভাগ ও পর্যটন পুলিশ যৌথভাবে চানার নাথাব উপজেলার ওই রিসোর্টে অভিযান চালায়।

রিসোর্টটি বন্ধ থাকলেও ভেতর থেকে কথাবার্তার আওয়াজ পেয়ে পুলিশ তল্লাশি শুরু করে। একটি পরিত্যক্ত ভবনের ত্রিপল সরানো সরু পথের শেষে অন্ধকার কক্ষ থেকে গাদাগাদি অবস্থায় ২২ জন বিদেশি নাগরিককে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ২১ জন বাংলাদেশি পুরুষ এবং একজন মিয়ানমারের নারী রয়েছেন। তাদের বয়স ২০ থেকে ৪৬ বছরের মধ্যে।

আটকের পর অভিবাসীরা জানান, রিসোর্টের মালিক তাদের মোবাইল ফোন কেড়ে নিয়েছেন। পুলিশ ৬৬ বছর বয়সী রিসোর্ট মালিক কৃতিদেতকে জিজ্ঞাসাবাদ করলে তিনি অভিযোগ অস্বীকার করেন। তবে তার কক্ষ তল্লাশি করে বিছানার নিচ থেকে অভিবাসীদের ১৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

তিনি দাবি করেন, অভিবাসীদের বহনকারী চালক হয়তো ফোনগুলো সেখানে রেখে পালিয়েছে। পুলিশ তার এই বক্তব্যে সন্তুষ্ট হতে পারেনি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে দোভাষীর মাধ্যমে অভিবাসীরা জানান, মালয়েশিয়ায় যাওয়ার উদ্দেশ্যে তারা প্রত্যেকে দালালদের প্রায় সাত লাখ টাকা দিয়েছেন। বাংলাদেশিরা প্রথমে বিমানে কম্বোডিয়া যান এবং সেখান থেকে হেঁটে ৪ এপ্রিল থাইল্যান্ডের সাকায়েও প্রদেশ দিয়ে প্রবেশ করেন।

অন্যদিকে মিয়ানমারের ওই নারী মালয়েশিয়ায় থাকা তার স্বামীর কাছে যাওয়ার উদ্দেশ্যে ৫ এপ্রিল চিয়াং রাই সীমান্ত দিয়ে থাইল্যান্ডে প্রবেশ করেন। বুধবার ভোরে একটি পিকআপ ভ্যানে করে তাদের সবাইকে ওই রিসোর্টে নিয়ে আসা হয়।

অবৈধ অভিবাসীদের আশ্রয় দেওয়া এবং তাদের গ্রেফতারে বাধা সৃষ্টির অভিযোগে কৃতিদেতের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পাশাপাশি অবৈধ অনুপ্রবেশের দায়ে বাংলাদেশ ও মিয়ানমারের নাগরিকদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাদের সবাইকে খুয়ান মীদ থানায় হস্তান্তর করা হয়েছে।

এনএন/ ১১ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language