যুক্তরাষ্ট্রে টর্নেডো আতঙ্ক, ঝড়ের মধ্যেও ফুরফুরে মেজাজে মেসিরা

কানসাস সিটি, ১৪ জুন – বিশ্বকাপ শুরুর প্রাক্কালে যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে টর্নেডো ও তীব্র ঝড়ের কবলে পড়ার শঙ্কায় পড়েছে আর্জেন্টিনা ফুটবল দল। স্থানীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে জরুরি সতর্কতা জারি করা হলেও বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের মধ্যে কোনো উদ্বেগ লক্ষ্য করা যায়নি। প্রতিকূল আবহাওয়ার মধ্যেই লিওনেল মেসি ও তার সতীর্থরা বেশ প্রাণবন্ত সময় কাটিয়েছেন।
স্থানীয় সময় শনিবার রাতে কানসাস সিটি ও এর পার্শ্ববর্তী এলাকায় তীব্র ঝড়ো হাওয়া এবং বজ্রঝড়ের আশঙ্কায় সতর্কতা জারি করে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তর। সে সময় বাসিন্দাদের মুঠোফোনে পাঠানো বার্তায় নিরাপদ আশ্রয়ে থাকা এবং জানালা থেকে দূরে থাকার নির্দেশনা দেওয়া হয়।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে জানানো হয়, ঘণ্টায় প্রায় ১২৮ কিলোমিটার বেগে ঝড়ো বাতাস বয়ে যেতে পারে যা প্রাণহানির কারণ হতে পারে। আর্জেন্টিনা দলের খেলোয়াড়রা যখন রাতের খাবারের প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক তখনই সবার ফোনে সতর্কবার্তাটি বেজে ওঠে। তবে শেষ পর্যন্ত টর্নেডোটি শহরের কেন্দ্রস্থলে সরাসরি আঘাত হানেনি। যদিও কিছু এলাকায় প্রবল বাতাসের কারণে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
বিরূপ আবহাওয়ার পূর্বাভাস থাকায় দলের অনুশীলনের সময়সূচিতেও পরিবর্তন এনেছিল ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। ঝড়ের আশঙ্কার মধ্যেই আর্জেন্টিনা দলের খেলোয়াড়রা তাদের ঐতিহ্যবাহী আসাদো বা বারবিকিউ উৎসবে মেতে ওঠেন।
গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে আগুনের শিখায় মাংস পোড়ানোর একটি ছবি শেয়ার করেন। সেখানে তিনি রসিকতা করে সব বাধা উপেক্ষা করার কথা উল্লেখ করেন।
আগামী বুধবার আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে আর্জেন্টিনা।
এনএন/ ১৪ জুন ২০২৬









