জাতীয়

দেশের চার জেলায় ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

রংপুর, ১০ এপ্রিল – দেশের চারটি জেলার ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকার অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। শুক্রবার দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয় রংপুর দিনাজপুর ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে এই অস্থায়ী ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া আবহাওয়ার নিয়মিত বুলেটিনে বলা হয়েছে শুক্রবার সন্ধ্যার মধ্যে রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দুএক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে। তাপমাত্রার পূর্বাভাসে বলা হয়েছে সারাদেশে দিনের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে।

এস এম/ ১০ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language