মাদারীপুর

মাদারীপুরে স্কুলের খাবার খেয়ে ৩০ শিক্ষার্থী অসুস্থ, মেয়াদোত্তীর্ণ রুটি জব্দ

মাদারীপুর, ১০ এপ্রিল – মাদারীপুর সদর উপজেলার কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অন্তত ৩০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। এ ঘটনায় শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা মেয়াদোত্তীর্ণ রুটি জব্দ করা হয়েছে। একই সঙ্গে ঘটনাটি তদন্তের জন্য পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে এবং মামলার প্রক্রিয়া চলছে।

বুধবার সদর উপজেলার ছয়টিসহ বেশ কয়েকটি স্কুলে এই ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহবুব আর রিপন।

জানা গেছে, কার্যাদেশ পাওয়া প্রতিষ্ঠান সামান্তা ট্রেডার্সের মাধ্যমে ফিডিং কার্যক্রমের আওতায় শিক্ষার্থীদের কলা, পাউরুটি ও ডিম দেওয়া হয়েছিল। খাবার খাওয়ার কিছুক্ষণ পরই শিক্ষার্থীরা অসুস্থ হতে শুরু করে। এরপর ১৭ জনকে দ্রুত মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নেওয়া হয় এবং এর মধ্যে ছয়জনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়া অনেক শিক্ষার্থী স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে বলে জানা যায়।

ঘটনার পরপরই জেলা প্রশাসনের পক্ষ থেকে তদারকির অংশ হিসেবে হাউসদী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহবুব আর রিপন এবং সেখান থেকে মেয়াদোত্তীর্ণ খাবার জব্দ করেন।

এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এদিকে বুধবার বিকেলে হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থীদের শারীরিক অবস্থার খোঁজ নিতে যান জেলা প্রশাসক মর্জিনা আক্তার। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এনএন/ ১০ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language