ইরান সংঘাতে ৭ বাংলাদেশির প্রাণ*হানি, শাহ আলমের মর*দেহ দেশে

ঢাকা, ৯ এপ্রিল – ইরান সংঘাতে এখন পর্যন্ত সাতজন বাংলাদেশির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সরকার। বৃহস্পতিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর গেটে সংযুক্ত আরব আমিরাতে নিহত প্রবাসী শাহ আলম ভূঁইয়ার মরদেহ গ্রহণের সময় এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রী জানান, যুদ্ধ শুরুর পর থেকে সাতজন বাংলাদেশি প্রাণ হারিয়েছেন।
এর মধ্যে শাহ আলম ভূঁইয়ার মরদেহ গ্রহণ করা হয়েছে। তিনি নিহতের আত্মার মাগফিরাত এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি আরও উল্লেখ করেন, সরকার শুরু থেকেই যুদ্ধকবলিত এলাকায় থাকা বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করে যাচ্ছে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিদেশে থাকা বাংলাদেশ মিশনগুলো সমন্বিতভাবে এ পরিস্থিতি মোকাবিলা করছে। দেশে ফিরতে ইচ্ছুক প্রবাসীদের ফিরিয়ে আনার উদ্যোগও নেওয়া হয়েছে।
শাহ আলম ভূঁইয়া একজন বৈধ কর্মী হওয়ায় তার পরিবারকে সরকারের পক্ষ থেকে তিন লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। তবে বিমা করা না থাকায় অতিরিক্ত দশ লাখ টাকার সুবিধাটি তারা পাচ্ছেন না। জাতিসংঘের ছাড়পত্র প্রক্রিয়া শেষে এই সহায়তা হস্তান্তর করা হবে।
তাৎক্ষণিক সহায়তা হিসেবে মরদেহ পরিবহন ও দাফন কাজের জন্য পঁয়ত্রিশ হাজার টাকা এবং বিশেষ অনুদান হিসেবে পাঁচশ ডলার সমমূল্যের অর্থ ইতোমধ্যে পরিবারকে দেওয়া হয়েছে। নিহত সাতজনের মধ্যে এটি দেশে আনা পঞ্চম মরদেহ। একজনকে ঘটনাস্থলেই দাফন করা হয়েছে এবং অপর একজনের মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে বলে প্রতিমন্ত্রী জানিয়েছেন। সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে শুধু মরদেহ দেশে আনাই নয় বরং বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা, দেশে প্রত্যাবর্তন এবং পুনর্বাসন নিয়েও জোরালোভাবে কাজ চলছে।
এস এম/ ৯ এপ্রিল ২০২৬









