জাতীয়

দিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের আনুষ্ঠানিক বৈঠক

ঢাকা, ৮ এপ্রিল – পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম দিল্লি সফরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেছেন খলিলুর রহমান।

বুধবার দুপুরে দিল্লির হায়দরাবাদ হাউসে এই বৈঠক অনুষ্ঠিত হয়। আনুষ্ঠানিক আলোচনার পর দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী একান্ত বৈঠকেও মিলিত হন।

কূটনৈতিক সূত্রমতে, বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হয়েছে।

বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও এই সফরে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রয়েছেন। বুধবার দুপুরে হায়দরাবাদ হাউসে নিজ নিজ দেশের প্রতিনিধিদের নিয়ে আনুষ্ঠানিক বৈঠকে বসেন দুই পররাষ্ট্রমন্ত্রী।

এর আগে সকালে ভারতের কয়েকজন সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকের সঙ্গে প্রাতঃরাশ সভায় অংশ নেন খলিলুর রহমান। বিকেলে ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসবিষয়ক মন্ত্রী হারদীপ সিং পুরির সঙ্গে তার বৈঠকের সূচি রয়েছে।

পারস্পরিক মর্যাদা ও আস্থার ভিত্তিতে প্রতিবেশী দুই দেশের সম্পর্ক দীর্ঘমেয়াদে এগিয়ে নেওয়ার লক্ষ্য নিয়ে এই সফরে গেছেন পররাষ্ট্রমন্ত্রী।

ভারত সফরের প্রথম দিনেই দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে তিনি আলোচনা করেন।

উল্লেখযোগ্য যে, বর্তমান দায়িত্ব গ্রহণের আগে অন্তর্বর্তী সরকারের আমলে খলিলুর রহমান বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। মরিশাসে অনুষ্ঠিতব্য ভারত মহাসাগরীয় সম্মেলনে যোগ দেওয়ার উদ্দেশ্যেই মূলত এই সফর।

পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা বৃহস্পতিবার সকালে মরিশাসের উদ্দেশে দিল্লি ত্যাগ করবেন। আগামী ১১ ও ১২ এপ্রিল মরিশাসের রাজধানী পোর্ট লুইসে এই গুরুত্বপূর্ণ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এনএন/ ৮ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language