২০২৬ সালের এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণে ঢাকা বোর্ডের জরুরি নির্দেশনা

ঢাকা, ৮ এপ্রিল – ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণ সংক্রান্ত একটি জরুরি নির্দেশনা প্রদান করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। বুধবার ৮ এপ্রিল বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে ঢাকা বোর্ডের আওতাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের জানানো হয়েছে যে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র ইতোমধ্যে কেন্দ্র সচিবদের নিকট হস্তান্তর করা হয়েছে। প্রতিষ্ঠান প্রধানদের সেখান থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে এবং পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে সাত দিন আগে তা শিক্ষার্থীদের মাঝে বিতরণ নিশ্চিত করতে হবে।
বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করে এই নির্দেশনা যথাযথভাবে পালনের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।
এস এম/ ৮ এপ্রিল ২০২৬









