দক্ষিণ এশিয়া

শান্তি আলোচনার জন্য যুক্তরাষ্ট্র ও ইরানকে পাকিস্তানে আমন্ত্রণ শেহবাজ শরিফের

ইসলামাবাদ, ৮ এপ্রিল – টানা ৪০ দিনের সংঘাতের পর অবশেষে ১৫ দিনের অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। এই যুদ্ধবিরতির পরপরই চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে দেশ দুটির সরকারি প্রতিনিধিদের পাকিস্তানে আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

আগামী ১০ এপ্রিল শুক্রবার উভয় দেশের প্রতিনিধিদের ইসলামাবাদে আলোচনার জন্য আহ্বান জানানো হয়েছে।

মঙ্গলবার যুক্তরাষ্ট্র এবং ইরান এই ১৫ দিনের বিরতিতে রাজি হয় এবং ইসরায়েলও এতে সম্মতি প্রদান করে। যুদ্ধবিরতির খবর প্রকাশ হওয়ার পর এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র ও ইরানকে অভিনন্দন জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বার্তায় তিনি জানান অত্যন্ত আনন্দের সঙ্গে তিনি ঘোষণা করছেন যে ইরান এবং যুক্তরাষ্ট্র তাদের মিত্রদের নিয়ে একটি যুদ্ধবিরতিতে পৌঁছেছে যা দ্রুত কার্যকর হবে।শেহবাজ শরিফ এই বিচক্ষণ পদক্ষেপকে স্বাগত জানিয়ে উভয় দেশের নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সব বিরোধ নিষ্পত্তি ও স্থায়ী চুক্তির জন্য ১০ এপ্রিল ইসলামাবাদে আসার আমন্ত্রণ জানান তিনি। উভয় পক্ষের অসাধারণ প্রজ্ঞার প্রশংসা করে তিনি আশা প্রকাশ করেন যে ইসলামাবাদ আলোচনা টেকসই শান্তি প্রতিষ্ঠায় সফল হবে।

ইরানের পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে দুই দশক ধরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে দেশটির উত্তেজনা চলছিল। ২০২৫ সালে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই দ্বন্দ্ব চূড়ান্ত রূপ নেয়। এর জের ধরে ২৮ ফেব্রুয়ারি ইরানে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।

সংঘাত শুরুর এক সপ্তাহ পর যুক্তরাষ্ট্রের আহ্বানে পাকিস্তান মধ্যস্থতাকারী হিসেবে যুক্ত হয়। পরবর্তীতে মিসর ও তুরস্কও এই প্রক্রিয়ায় অংশ নেয়। মার্চে পাকিস্তানের মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প ১৫ দফা প্রস্তাব পাঠালেও ইরান তাতে ইতিবাচক সাড়া দেয়নি। এরপর ৪ এপ্রিল ট্রাম্প নতুন একটি দুই স্তরের যুদ্ধবিরতি প্রস্তাব পাঠান যেখানে ৪৫ দিনের বিরতির কথা বলা হয়েছিল। সেই প্রস্তাব পর্যালোচনার মধ্যেই সোমবার যুক্তরাষ্ট্র জানায় তারা ১৫ দিনের যুদ্ধবিরতিতে প্রস্তুত।

ইরান ও ইসরায়েল এতে সম্মতি জানানোর পর শেহবাজ শরিফ এই শান্তি আলোচনার আনুষ্ঠানিক আমন্ত্রণ জানালেন।

এনএন/ ৮ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language