চট্টগ্রাম

চট্টগ্রামে বন্যার পানিতে সাপের উপদ্রব, আক্রান্ত অন্তত ৭৫ জন

চট্টগ্রাম, ১৩ জুলাই – টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের ফলে চট্টগ্রামের বন্যাদুর্গত এলাকাগুলোতে সাপের উপদ্রব আশঙ্কাজনকভাবে বেড়েছে। গত কয়েক দিনে সাপের কামড়ে জেলাজুড়ে অন্তত ৭৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত সর্পদংশনে কোনো প্রাণহানির সংবাদ পাওয়া যায়নি।

রোববার বিকেলে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন। পরিস্থিতি মোকাবিলায় প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত অ্যান্টিভেনম ও প্রয়োজনীয় ওষুধের ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে বলে তিনি জানান।

সিভিল সার্জন আরও জানান, বন্যাদুর্গত এলাকায় বিশেষ মেডিকেল টিম সক্রিয়ভাবে কাজ করছে। এসব দল দুর্গত এলাকায় চিকিৎসাসেবা প্রদানের পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ ও খাবার স্যালাইন বিতরণ করছে। এছাড়া গুরুতর অসুস্থ এবং অন্তঃসত্ত্বা নারীদের জরুরি ভিত্তিতে হাসপাতালে স্থানান্তরের জন্য নৌযান ব্যবহারের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

অন্যদিকে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৫১ জনে দাঁড়িয়েছে। মৃতদের মধ্যে কক্সবাজারে ২৮ জন, চট্টগ্রামে ১৩ জন, বান্দরবানে ৬ জন এবং রাঙ্গামাটিতে ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া মৌলভীবাজারে ১ জন নিহত হয়েছেন।

বন্যা ও ভূমিধসের ঘটনায় এ পর্যন্ত বিভিন্ন জেলায় ৩৯ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে খাগড়াছড়িতে ১ জন, বান্দরবানে ২ জন, কক্সবাজারে ২৪ জন এবং চট্টগ্রামে ১২ জন চিকিৎসাধীন রয়েছেন।

এস এম/ ১৩ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language