দক্ষিণ এশিয়া

করাচির হাসপাতালে আরও দুই শিশুর এইচআইভি শনাক্ত, আক্রান্ত বেড়ে ৮০

ইসলামাবাদ, ১২ জুলাই – পাকিস্তানের করাচিতে অবস্থিত কুলসুম বাই ভ্যালিকা হাসপাতালে চিকিৎসা নেওয়া আরও দুই শিশুর শরীরে এইচআইভি বা এইডস শনাক্ত হয়েছে। এর ফলে হাসপাতালটির সঙ্গে সংশ্লিষ্ট এইচআইভি আক্রান্ত শিশুর মোট সংখ্যা বেড়ে ৮০ জনে পৌঁছেছে।

সম্প্রতি শনাক্ত হওয়া শিশুদের মধ্যে করাচির মেট্রোভিল এলাকার তিন বছর বয়সী এক শিশু রয়েছে। বুকের সংক্রমণের চিকিৎসার জন্য তাকে সিন্ধ এমপ্লয়িজ সোশ্যাল সিকিউরিটি ইনস্টিটিউশন পরিচালিত ভ্যালিকা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরবর্তীতে বিভিন্ন পরীক্ষায় তার শরীরে এইচআইভি সংক্রমণ ধরা পড়ে।

শিশুটির বাবা জানান যে হাসপাতালে চিকিৎসা নেওয়ার পরও তার মেয়ের শারীরিক অবস্থার উন্নতি হয়নি বরং অবনতি হতে থাকে। চিকিৎসকদের পরামর্শে পরবর্তী পরীক্ষা নিরীক্ষার পর এইচআইভি সংক্রমণের বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

এর আগে সিন্ধ প্রদেশের শ্রমমন্ত্রী সাঈদ ঘানি জানিয়েছিলেন যে ভ্যালিকা হাসপাতালে চিকিৎসা নেওয়া অন্তত ৭৮ শিশুর শরীরে এইচআইভি শনাক্ত হয়েছে। তিনি ঘটনাটিকে অত্যন্ত উদ্বেগজনক উল্লেখ করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

এদিকে চলতি মাসের শুরুতে সিন্ধ হাইকোর্ট প্রাদেশিক সরকারকে দুই সপ্তাহের মধ্যে হাসপাতালটিতে শিশুদের এইচআইভি সংক্রমণের ঘটনার বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেন। একটি আবেদনের শুনানিতে এই নির্দেশ দেওয়া হয় যেখানে অভিযোগ করা হয়েছে যে হাসপাতালের অবহেলার কারণে প্রায় ২০০ শিশু এইচআইভিতে আক্রান্ত হয়েছে।

আবেদনকারী পক্ষের দাবি অনুযায়ী দূষিত সিরিঞ্জ পুনর্ব্যবহারের ফলে হাসপাতালে এই সংক্রমণ ছড়িয়ে পড়ে। আক্রান্ত শিশুদের দীর্ঘমেয়াদি চিকিৎসা ও কল্যাণ নিশ্চিত করতে সিন্ধ এমপ্লয়িজ সোশ্যাল সিকিউরিটি ইনস্টিটিউশন ২০০ কোটি পাকিস্তানি রুপি ব্যয়ে একটি বিশেষ তহবিল গঠনের সিদ্ধান্ত নিয়েছে।

এস এম/ ১২ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language