রাজনৈতিক নেতারা চাইলে যুদ্ধ চালিয়ে যাবে ইরান: সেনাবাহিনী

তেহরান, ৬ এপ্রিল – রাজনৈতিক নেতারা যতদিন প্রয়োজন মনে করবেন, ততদিন যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইরানের সেনাবাহিনী।
সোমবার ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া এই মন্তব্য করেন।
দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
মোহাম্মদ আকরামিনিয়া বলেন, রাজনৈতিক কর্তৃপক্ষ যতদিন উপযুক্ত মনে করবেন, ততদিন সামরিক বাহিনী যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত।
তিনি আরও জানান, শত্রুপক্ষকে তাদের কর্মকাণ্ডের জন্য অবশ্যই অনুতপ্ত হতে হবে। কারণ এই যুদ্ধের পর ইরানকে এমন এক শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থায় পৌঁছাতে হবে, যাতে ভবিষ্যতে নতুন করে কোনো যুদ্ধের সম্মুখীন হতে না হয়। ভবিষ্যতে যুদ্ধের পুনরাবৃত্তি ঠেকাতে শত্রুকে প্রকৃত অনুতাপে বাধ্য করা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন। এতে করে শত্রুরা আর কখনোই ইরানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়ার সাহস পাবে না। এই লক্ষ্যে প্রতিরোধের মাত্রা সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করা হবে।
ইসলামি প্রজাতন্ত্র ইরান যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়িয়েছে এবং শত্রুর সকল হুমকি মোকাবিলা করছে বলে তিনি জানান।
এই জেনারেল জোর দিয়ে বলেন, যুদ্ধের বর্তমান পর্যায়ে শত্রুরা তাদের লক্ষ্য অর্জনে পুরোপুরি ব্যর্থ হয়েছে এবং পরাজয়ের সম্মুখীন হয়েছে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক বাহিনী বড় পরিসরে অভিযান শুরু করে। ওই অভিযানের শুরুতেই দেশটির তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলি খামেনিসহ বেশ কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা ও বেসামরিক নাগরিক নিহত হন।
এনএন/ ৬ এপ্রিল ২০২৬









