
কানাডার ফেডারেল রাজনীতিতে স্কারবোরো সাউথওয়েস্ট (Scarborough Southwest) নির্বাচনী এলাকাটি দীর্ঘদিন ধরেই একটি গুরুত্বপূর্ণ এবং বৈচিত্র্যময় হিসেবে পরিচিত। সাবেক কেন্দ্রীয় মন্ত্রী Bill Blair-এর পদত্যাগে শূন্য হওয়া এই আসনে আগামী ১৩ এপ্রিল অনুষ্ঠিত হবে ফেডারেল উপ-নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে ২ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার সন্ধ্যায় Birchcliff Bluffs United Church-এ আয়োজিত এক Debate-এ অংশ নেন বিভিন্ন দলের প্রার্থীরা। জনাকীর্ণ এ সভায় স্থানীয় বাসিন্দাদের জীবনযাত্রার সংকট, আবাসন সমস্যা এবং দারিদ্র্য বিমোচন নিয়ে চলে দীর্ঘ ও তথ্যসমৃদ্ধ বিতর্ক।
এই ডিবেটটি আয়োজন করেছিল বিখ্যাত চ্যারিটি সংস্থা Daily Bread Food Bank) এবং তাদের কমিউনিটি পার্টনার Bluffs Food Bank। ফলে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে ক্ষুধা, খাদ্য নিরাপত্তা এবং ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয় ঘিরে। স্কারবোরোর মতো এলাকায় যেখানে নিম্ন ও মধ্য আয়ের মানুষের সংখ্যা তুলনামূলক বেশি, সেখানে খাদ্য ব্যাংকের ওপর নির্ভরশীলতা বাড়ার বিষয়টি প্রার্থীরা গুরুত্বের সঙ্গে তুলে ধরেন।
আয়োজকেরা প্রার্থীদের কাছে জানতে চান, নির্বাচিত হলে তারা কীভাবে মানুষের খাদ্য নিরাপত্তা জোরদার করবেন। এই প্রশ্নের জবাবে প্রত্যেকে নিজ নিজ রাজনৈতিক অবস্থান, নীতি এবং অগ্রাধিকারের প্রতিফলন ঘটান।
ডিবেটে অংশ নেওয়া প্রার্থীদের মধ্যে লিবারেল পার্টির ডলি বেগম এবং এনডিপির ফাতিমা শাবানের মধ্যে মূল লড়াইটি ছিল দৃশ্যমান।
অন্টারিও এনডিপির সাবেক ডেপুটি লিডার এবং বর্তমান লিবারেল প্রার্থী ডলি বেগম তার বক্তব্যে অভিজ্ঞতার ওপর জোর দেন। তিনি বলেন, প্রাদেশিক পর্যায়ে এই এলাকার প্রতিনিধিত্ব করার কারণে এখানকার অলিগলি, মানুষের জীবনযাত্রা এবং বাস্তব সমস্যাগুলো তার খুব ভালোভাবে জানা। তিনি বলেন, “আমি প্রার্থী হয়েছি স্কারবোরো সাউথওয়েস্টের কণ্ঠস্বর অটোয়াতে পৌঁছে দিতে।” তার দাবি, ফেডারেল পর্যায়ে লিবারেল সরকারের সঙ্গে কাজ করে তিনি স্কারবোরোবাসীর জন্য সরাসরি তহবিল ও নানা ধরনের সুবিধা নিশ্চিত করতে পারবেন। তিনি বিশেষভাবে মধ্যবিত্তের জন্য কর কমানো এবং সরকারের হাউজিং বেনিফিট বাড়ানোর ওপর জোর দেন

এনডিপি প্রার্থী ফাতিমা শাবান বর্তমান সরকারের সমালোচনা করে অত্যন্ত আক্রমণাত্মক ভঙ্গিতে বক্তব্য দেন। তিনি অভিযোগ করেন যে, বড় বড় গ্রোসারি চেইনগুলো যখন রেকর্ড পরিমাণ মুনাফা করছে, তখন সাধারণ মানুষের পকেট থেকে টাকা উধাও হয়ে যাচ্ছে। তিনি আবাসন সংকট সমাধানে আরও বৈপ্লবিক পদক্ষেপ এবং গণপরিবহন বা ট্রানজিট সুবিধা বৃদ্ধির দাবি জানান।
গ্রিন পার্টির প্রার্থী পূজা মালহোত্রা একটি ‘গ্যারান্টিড লিভবল ইনকাম’ (Guaranteed Livable Income) বা নিশ্চিত বার্ষিক আয়ের প্রস্তাব করেন। তিনি মনে করেন, কেবল টুকরো টুকরো সাহায্য দিয়ে দারিদ্র্য দূর করা সম্ভব নয়; বরং সাধারণ মানুষের হাতে সরাসরি নগদ অর্থ পৌঁছে দেওয়া প্রয়োজন। তিনি ট্রানজিটকে বিলাসিতা নয় বরং একটি ‘মানবাধিকার’ হিসেবে অভিহিত করেন।
সেন্ট্রিস্ট পার্টির লায়াল স্যান্ডার্স এবং ক্রিশ্চিয়ান হেরিটেজ পার্টির ডেভিড ভেডোভা মূলত পারিবারিক মূল্যবোধ এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের কর ছাড়ের প্রয়োজনীয়তা নিয়ে কথা বলেন। তারা শিক্ষার মান উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এই গুরুত্বপূর্ণ ডিবেটে কনজারভেটিভ পার্টির প্রার্থী ডায়ানা ফিলিপোভা (Diana Filipova)-র অনুপস্থিতি ছিল আলোচনার অন্যতম নেতিবাচক দিক। ভোটারদের একটি বড় অংশ তার অনুপস্থিতিকে এলাকার প্রতি অবহেলা হিসেবে দেখলেও তার ক্যাম্পেইন অফিস থেকে জানানো হয়েছে যে, তিনি ব্যক্তিগতভাবে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে জনসংযোগে সময় দিচ্ছেন। তবে ডিবেটের মঞ্চে অন্যান্য প্রার্থীরা এই সুযোগে কনজারভেটিভদের কঠোর সমালোচনা করতে ছাড়েননি।
স্কারবোরো আরটি (RT) বন্ধ হয়ে যাওয়ার পর থেকে এলাকার বাসিন্দারা চরম পরিবহন সংকটে ভুগছেন। ডিবেটে এই বিষয়টি বারবার উঠে আসে। প্রার্থীরা একমত হন যে, স্কারবোরোর জন্য উন্নত বাস সার্ভিস এবং সাবওয়ে সম্প্রসারণ প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন। এছাড়া ক্রমবর্ধমান বাড়ি ভাড়া এবং বাড়ি কেনার আকাশচুম্বী দাম নিয়ন্ত্রণে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ দাবি করেন স্থানীয়রা।
এই উপ নির্বাচন কেবল একটি আসন পূরণের বিষয় নয়, বরং এটি লিবারেল সরকারের জনপ্রিয়তার একটি বড় পরীক্ষা। বিশেষ করে ডলি বেগম দল পরিবর্তন করে লিবারেল শিবিরে যোগ দেওয়ার পর এটি তার জন্য রাজনৈতিক টিকে থাকার লড়াই।
ভোটারদের জন্য জরুরি তথ্য:
আগাম ভোট (Advance Polls): ৩ এপ্রিল থেকে ৬ এপ্রিল পর্যন্ত, প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা।
মূল নির্বাচনের দিন: ১৩ এপ্রিল ২০২৬, সোমবার, সকাল ৮টা ৩০ থেকে রাত ৮টা ৩০।
এ ছাড়া স্থানীয় Elections Canada office-এ ৭ এপ্রিল সন্ধ্যা ৬টা পর্যন্ত Special Ballot-এর মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ রয়েছে।
তথ্যসূত্র:
Elections Canada
Daily Bread Food Bank
Bluffs Food Bank
সংশ্লিষ্ট অনুষ্ঠানতথ্য









